Home » IPL: নিলাম টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের, গুজরাটকে হারিয়ে বাদশার দলে স্টার্ক

IPL: নিলাম টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের, গুজরাটকে হারিয়ে বাদশার দলে স্টার্ক

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ ডিসেম্বর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম টেবিলে ঝড় কলকাতা নাইট রাইডার্সের। অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ককে দলে নিল তারা। ২৪ কোটি ৫০ লক্ষ টাকায় অজি পেসারকে দলে নিয়েছে কেকেআর। আইপিএলের ইতিহাসে যা সর্বোচ্চ। ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নিয়ে রেকর্ড গড়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে কিছু সময়ের মধ্যে সেই রেকর্ড ভেঙে দিল কলকাতা।

সদ্য ভারতে অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেই দলের ক্রিকেটারদের নিয়ে যে আইপিএলের নিলামে দরকষাকষি হবে সেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু মঙ্গলবার যা হল তার আভাস আগে মেলেনি। ২ কোটি টাকা ছিল মিচেল স্টার্কের ন্যূনতম দর। অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী দলের সদস্যকে দলে নেওয়ার জন্য লড়াই শুরু করে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। সেই ন্যূনতম দর পৌঁছয় ১০ কোটিতে। তারপর লড়াইয়ে নামে কলকাতা নাইট রাইডার্স। শুধু কলকাতা নয় স্টার্ককে দলে পাওয়ার জন্য ঝাপায় গুজরাট টাইটান্স। দুই দলের লড়াইয়ে ক্রমশ চড়ছিল স্টার্কের দর।

একটা সময়ে স্টার্কের দাম ছাড়িয়ে যায় ২০ কোটি ৫০ লক্ষ। যেই দামে তাঁর স্বদেশী প্যাট কামিন্সকে দলে নিয়ে নজির গড়েছিল সানরাইজার্স। লড়াইয়ে কি থাকবে কেকেআর, তা নিয়ে আলোচনা করতে দেখা যায় দলের মেন্টর গৌতম গম্ভীর ও সিইও বেঙ্কি মাইসোরকে। যদিও লড়াই থেকে সরে যায়নি নাইটরা। সেই দর পৌঁছয় ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায়। এরপর লড়াই থেকে নিজেদের সরিয়ে নেয় গুজরাট। অতীতে ১৫ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে দলে নিয়ে রেকর্ড তৈরি করেছিল কেকেআর। সেই রেকর্ডকে ছাপিয়ে স্টার্ক এখন কলকাতার সব থেকে মূল্যবান ক্রিকেটার। নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে নতুন ক্রিকেটারকে স্বাগত জানানো হয়েছে দলের পক্ষ থেকে।

আরও পড়ুন: UEFA Champions League: প্রকাশিত হল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর সূচি, কঠিন লড়াই বার্সেলোনার

স্টার্কের পাশাপাশি ভারতীয় দলের অনিয়মিত উইকেট রক্ষক কে এস ভরত ও চেতন সাকারিয়াকে দলে নিয়েছে কলকাতা। স্টার্ককে দলে নেওয়ার পর কলকাতার হাতে রইল ৬ কোটি ৯৫ লক্ষ টাকা। আগামী দিনে সেই টাকা দিয়ে কোন ক্রিকেটারকে দলে নেয় সেদিকেই তাকিয়ে সমর্থকরা।

About Post Author