Home » রুদ্ধশ্বাস ম্যাচে নিউক্যাসেলকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল

রুদ্ধশ্বাস ম্যাচে নিউক্যাসেলকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ জানুয়ারি: বছরের শুরুটা জয় দিয়ে করল লিভারপুল। সোমবার রুদ্ধশ্বাস ম্যাচে নিউক্যাসেলকে ৪-২ গোলে হারাল তারা। পেনাল্টি নষ্ট করেও জোড়া গোল করে ম্যাচের নায়ক লিভারপুলের মহম্মদ সালাহ। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে গেল অল রেডরা। 


VO: ঘরের মাঠে ম্যাচ দিয়ে নতুন বছর শুরু করল লিভারপুল। সোমবার রাতে তাদের প্রতিপক্ষ ছিল নিউক্যাসেল ইউনাইটেড। ম্যাচের শুরু থেকে দাপট দেখায় লুই দিয়াজ, মো সালাহরা। ২২ মিনিটের মাথায় দিয়াজকে নিজেদের বক্সের মধ্যে ফাউল করেন এক নিউক্যাসেল ডিফেন্ডার। পেনাল্টি পায় লিভারপুল। যদিও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মহম্মদ সালাহ। মিশরের তারকার শট বাঁচিয়ে দেন নিউক্যাসেল গোলরক্ষক মার্টিন ডুবরভকা। পেনাল্টি ছাড়াও এদিন প্রায় গোটা দশেক নিশ্চিত গোল বাঁচান ম্যানচেস্টার ইউনাইটেডের প্রাক্তন এই গোলরক্ষক। তাঁর সৌজন্য প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য।

আরও পড়ুন উত্তুরে হাওয়ার প্রবেশে ক্রমশ বাধা, তারই মধ্যে দক্ষিণবঙ্গের ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিরতির পর পাল্টে যায় ম্যাচের চিত্র। দ্বিতীয়ার্ধের শুরুতে লিভারপুলকে এগিয়ে সালাহ। নুনেজের পাস ধরে গোল করেন তিনি। যদিও লাল জার্সি ব্রিগেডের উচ্ছ্বাসের মেয়াদ দীর্ঘস্থায়ী হয়নি। ঠিক পাঁচ মিনিটের মধ্যে খেলায় সমতা ফেরায় নিউক্যাসেল। গোলশোধ করেন আলেক্সান্ডার ইসাক। এর পর ৭৫ মিনিটে নিজেদের ব্যবধান পুনরুদ্ধার করে লিভারপুল। গোল করেন কার্টিস জোন্স। ঠিক তিন মিনিট পর লিভারপুলের হয়ে ব্যবধান ৩-১ করেন কোডি গাকপো। ৮১ মিনিটে একটি গোল শোধ করেন নিউক্যাসেলের সেন বটম্যান। খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার চার মিনিট আগে ফের পেনাল্টি পায় লিভারপুল।

 

নিউক্যাসেল গোলরক্ষক বক্সের মধ্যে সালাহকে ফাউল করায় পেনাল্টি পায় অল রেডরা। প্রথম পেনাল্টি নষ্ট করলেও দ্বিতীয়বার ভুল করেননি মিশরের তারকা ফুটবলার। খেলার ব্যবধান ৪-২ করেন সেই সালাহ। চলতি মাসে আফ্রিকান নেশসন কাপের ম্যাচ শুরু। নেশনস কাপে খেলতে যাওয়ার আগে মহাম্মদ সালাহর এটাই ছিল শেষ ম্যাচ। আর সেই ম্যাচে জোড়া গোল করে মাঠ ছাড়লেন লিভারপুল তারকা। এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষে পৌঁছল লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নবম স্থানে নিউক্যাসেল।

About Post Author