Home » SENA countries বা সেনা কান্ট্রিজ বলতে কী বোঝায়? ক্রিকেটে এই কথার প্রাসঙ্গিকতাই বা কী?

SENA countries বা সেনা কান্ট্রিজ বলতে কী বোঝায়? ক্রিকেটে এই কথার প্রাসঙ্গিকতাই বা কী?

সময় কলকাতা ডেস্ক, ১০জানুয়ারি : সাম্প্রতিক সময়ে সেনা কান্ট্রিস বা #SENA countries কথাটি ক্রিকেটে খুবই বেশি প্রচলিত। সেরা ব্যাটারের স্বীকৃতি মেলে ঘূর্ণি উইকেটের পাশাপাশি সেনা কান্ট্রিজের মাটিতে সাফল্য পেলে। কাকে বলে সেনা কান্ট্রিজ? কথাটির মানে আদতে কি?

প্রথমে বলে নেওয়া ভালো যে SENA বা সেনা কথাটি একটি সংক্ষেপিত রূপ, কয়েকটি ক্রিকেটে অংশগ্রহণকারী দেশকে সংক্ষিপ্ত আকারে সেনা বলা হয়। এর মধ্যে রয়েছে চারটি দেশ – এরা হল সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। এই চারটি দেশের প্রতিটির নামের আদ্যাক্ষর দিয়ে SENA শব্দটি গড়ে উঠেছে। অর্থাৎ পরিষ্কারভাবে ক্রিকেটীয় গ্ল্যামারে বনেদি দেশ গুলির মধ্যে একমাত্র ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ওয়েস্ট ইন্ডিজ ছাড়া সেরা দেশগুলিকেই SENA কান্ট্রিজ বলা হয়।

SENA কান্ট্রিজ বা সেনা কান্ট্রিজ কেন এত আলোচনার বিষয়?  কারণ বুঝতে হলে আবার সেনা কান্ট্রিজের দেশগুলির দিকে তাকাতে হবে। অবশ্যই ভারতীয় উপমহাদেশের কোনও দেশ সেনা কান্ট্রিজের মধ্যে নেই। সেনা কান্ট্রিজ বলে উল্লিখিত এই চারটি দেশে যুগ যুগ ধরে ভালো পারফরম্যান্স করা ক্রিকেট ঐতিহ্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হয়, যদিও দীর্ঘ সময় ধরে দক্ষিণ আফ্রিকাকে বর্ণবিদ্বেষ জনিত কারণে ক্রিকেট থেকে ব্যান বা দূরে সরিয়ে রাখা হয়েছিল। দক্ষিণ আফ্রিকা যে সময় ক্রিকেট থেকে ব্যান ছিল এবং আন্তর্জাতিক ক্রিকেটে তাদের পুনরায় অন্তর্ভুক্তির আগে পর্যন্ত দেখা গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দ্বীপপুঞ্জ ক্রিকেটে অত্যন্ত শক্তিশালী দেশ হিসেবে নিজেদের প্রমাণ করেছিল। বিগত শতাব্দীর ৭০ ও ৮০ দশকে ওয়েস্ট ইন্ডিজ তাদের ক্রিকেট গরিমার মধ্যগগনে উঠলেও বর্তমানে সেনা কান্ট্রিজ ছাড়া ভারত পাকিস্তানও ক্রিকেটে শক্তিশালী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। তবুও সেনা কান্ট্রিসে পিচের কন্ডিশন, পরিবেশ, আদ্র জলবায়ু এবং বাউন্সি ট্র্যাকে মানিয়ে নিয়ে নিজেদের পারফরমেন্স সঠিক উচ্চতায় তুলে নিয়ে যাওয়া চিরকাল ক্রিকেট প্রশ্নপত্রের সবচেয়ে কঠিন অংশ। পাটা উইকেটে বা ঘূর্ণি উইকেটে রান করলেই হবে না – বুক সমান উচ্চতায়  লাফিয়ে ওঠা বিষাক্ত ফাস্ট বল বা বাউন্সার সামলানো ব্যাটসম্যানদের কাছে যুগে যুগে তাই পরীক্ষা। আর এই পরীক্ষায় সাফল্য এলে হবেই বিশ্ব ক্রিকেটে প্রকৃত ব্যাটসম্যান হিসেবে স্বীকৃতি মেলে  একজন ক্রিকেটারের, আর সেজন্যই সেনা কান্ট্রিস নামে পরিচিত  চতুর্ভুজ দেশমালা এই মুহূর্তে ক্রিকেট মানচিত্রে অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে উঠেছে।

আরও পড়ুন :চলে গেলেন রশিদ খান, রেখে গেলেন মুগ্ধতা

About Post Author