সময় কলকাতা ডেস্ক, ৯ জানুয়ারি : চলে গেলেন শাস্ত্রীয় সংগীতের প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব রাশিদ খান। কন্ঠসঙ্গীত শিল্পী রাশিদ খান শুধুই দিয়েছেন মুগ্ধতা। দীর্ঘদিন ধরে মারণব্যাধি ক্যান্সারের সঙ্গে যুদ্ধের পরে তাঁর লড়াই শেষ হয়ে যায় মঙ্গলবার বিকেল ৩-৪৫ নাগাদ । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর।
রাশিদ খানকে নিয়ে প্রয়াতু শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তি ভীমসেন যোশী বা সরোদ বাদক আমজাদ আলী খান প্রত্যেকেই তাঁদের মুগ্ধতার কথা বারবার জানিয়েছেন, সেই মুগ্ধতার দিন শেষ। হিন্দি সিনেমা বা বাংলা চলচ্চিত্র – যেখানেই সামান্য কিছু গান তিনি করেছেন তা অসামান্য হয়ে উঠেছে। এর মধ্যে “আওগে জব তুম সাজনা ” যাকিনা যাব উই মেট সিনেমার গান তা অসম্ভব জনপ্রিয় হয়ে উঠেছিল। পাশাপাশি এমন বেশ কিছু গান রয়েছে যা তাঁর কন্ঠের যাদুতে অন্য মাত্রা পেয়েছিল। এদের মধ্যে উল্লেখযোগ্য ‘বাপি বাড়ি যা ‘ চলচ্চিত্রের ‘ সাজনা বরসে ‘ গানটি।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ভাবতেই পারছি না, রাশিদ আর নেই। ওঁর মিষ্টি গলাটা আর শুনতে পাব না। কথাটা বলতে গিয়ে এখনও আমার গায়ে কাঁটা দিচ্ছে।’’পিয়ারলেস হাসপাতালের সামনে দাঁড়িয়ে শোকবিহ্বল মুখ্যমন্ত্রী এ-ও জানালেন যে, শিল্পী রাশিদ খান তাঁকে মা বলে ডাকতেন। মুখ্যমন্ত্রী মনে করেন , “ওর মৃত্যু আমাদের বড় ক্ষতি। দেশের ক্ষতি।’’ ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে নিয়ে হাসপাতালের নিচে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, পাশে ছিলেন প্রয়াত সংগীত শিল্পীর আত্মীয় পরিজন।
সংগীত প্রেমী সাধারণ মানুষ , সঙ্গীতজ্ঞ বা রাজনৈতিক মহল রাশিদ খানের বিয়োগ ব্যথা বোধ করছেন কারণ বেশ অসময়ে চলে গেলেন রাশিদ খান। রেখে গেলেন শাস্ত্রীয় সংগীত জগতে তাঁর অসামান্য অবদান, রেখে গেলেন মায়াবী গলার কিছু অমূল্যরত্ন -যা হারাবে না কোনওদিন।।
#প্রয়াতরাশিদখান
আরও পড়ুন দেশের সেরা থানা শ্রীরামপুর, আইসিকে পুরস্কৃত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


More Stories
প্রয়াত বিজেপির প্রাক্তন জেলা সভাপতি
চলে গেলেন বশির বদর
চলে গেলেন সারিন্দার পাখি মঙ্গলাকান্ত