Home » বুড়ো হাড়ে ভেলকি : ক্লারী গ্রিমমেট

বুড়ো হাড়ে ভেলকি : ক্লারী গ্রিমমেট

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,১৪ জানুয়ারি : ১৪৭ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে বল হাতে ভেলকি দেখিয়েছেন অনেকেই। এদের মধ্যে অনেকেই আছেন যারা অল্প বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন। সামান্য কয়েকজন ক্রিকেটার দেরিতে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন। এঁদের মধ্যে এরকম এক ক্রিকেটারও আছেন যিনি ৩৪ বছর বয়সে টেস্টে অভিষেক ঘটিয়ে বল হাতে বুড়ো হাড়ে ভেলকি দেখিয়েছিলেন। তাঁর নাম ক্লারী গ্রিমমেট ।

আন্তর্জাতিক ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে বোলারদের কথা বললেই পেস বোলারদের পাশাপাশি স্পিন বোলারদের কথাও চলে আসে। খ্যাতনামা স্পিনারদের মধ্যে মুথাইয়া মুরলীথরন বা অতি সম্প্রতি প্রয়াত শেন ওয়ার্ণের নাম মনে আসে। কিন্তু ভারত-ও যুগে যুগে ভালো মানের স্পিনার উপহার দিয়ে এসেছে। এঁদের মধ্যে সাম্প্রতিক সময়ে আশ্বিন বা তার আগে অনিল কুম্বলে বা হরভজন সিংয়ের কথা উল্লেখযোগ্য। কিন্তু ভারতের স্পিনের স্বর্ণযুগের স্পিনার ত্রয়ী ভগবত চন্দ্রশেখর, বিষেন সিং বেদী, এরাপল্লী প্রসন্নের কথাও স্পিনারদের চর্চার মধ্যে ভুলে থাকা সম্ভব নয়, পাশাপাশি দিলীপ দোসীর কথাও ভারতীয় স্পিনারদের মধ্যে উল্লেখযোগ্য। দিলীপ দোসীর সম্পর্কে একটি বিষয় সবিশেষ উল্লেখযোগ্য।৩০ বছর বয়সের পরে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসে আন্তর্জাতিক ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছিলেন বাংলার হয়ে খেলা গুজরাটি ক্রিকেটার দিলীপ দোসী। টেস্টে তাঁর শতাধিক উইকেট রয়েছে। দেড়শো বছরের টেস্ট ক্রিকেটে ত্রিশ-উর্দ্ধ বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়ে শতাধিক উইকেট পাওয়ার সাফল্য আর মাত্র তিনজনের রয়েছে। তাঁরা হলেন – ক্লারী গ্রিমমেট, সাইদ আজমল এবং রায়ান হ্যারিস। শেষের দুজন অর্থাৎ সাইদ আজমল ও রায়ান হ্যারিসকে বোলিং করতে বর্তমান প্রজন্মের অনেকেই দেখেছেন। কিন্তু ক্লারী গ্রিমমেটের কথা জানেন খুব কম মানুষ। জানা হয়তো সম্ভবও নয়, ক্রিকেট ইতিহাস না ঘাঁটলে। কারণ অত্যন্ত সহজ – গ্রিমমেট যে সময়ে ক্রিকেট খেলতেন তা আজকের কথা নয় এবং তিনি শেষ টেস্ট খেলেছেন আজ থেকে ৮৮ বছর আগে। ১৯২৫ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন নিউজিল্যান্ড জাত এই স্পিনার।৩৪ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় গ্রিমমেটের। ৪৫ বছর বয়স পর্যন্ত চুটিয়ে টেস্ট খেলেছেন তিনি। টেস্টে সাফল্য তাক লাগানোর মত। ৩৭ টি টেস্টে ২১৬ টি উইকেট পেয়েছিলেন যার মধ্যে ২১ ইনিংসে ৫ উইকেট আর ৭ টেস্টে ১০ উইকেট পেয়েছেন গ্রিমমেট। বেশি বয়সে সাফল্য পাওয়ার পাশাপাশি টেস্ট ক্রিকেটে বেশ কিছু অবদান তিনি রেখে গিয়েছেন। এরমধ্যে উল্লেখযোগ্য, স্পিন বোলিংয়ে ফ্লিপার নামক বিষাক্ত বলটিকে শিল্পের পর্যায়ে নিয়ে যান গ্রিমমেট। ৪৪ বছর হল গ্রিমমেট শেষ ঘুমে ঘুমিয়ে পড়েছেন  তবুও রয়ে গিয়েছে তাঁর স্থাপন করা বেশ কিছু কীর্তি ।

About Post Author