স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ জানুয়ারি: এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতীয় ফুটবল দলকে। ০-২ গোলে হারলেও খেলার প্রবাহ একতরফা ছিল না। রীতিমত লড়াই করে জয় পেতে হয়েছে কাতার বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিন খেলা দলকে। যা আশা জাগিয়েছে ভারতীয় ফুটবল প্রেমীদের মনে। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারে হতাশ সুনীল ছেত্রীদের হেড স্যার ইগর স্টিমাচ। হারের পিছনে দলের দায়িত্বজ্ঞানহীন ফুটবলকে দায়ী করলেন ক্রোট কোচ। খেলার শেষে কাকে নিশানা করলেন তিনি?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দল যে জিতবে, এমন কথা ভাবেননি ভারতের অতি বড় ফুটবল সমর্থকও। বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে খেলেন একাধিক অস্ট্রেলিয়ান ফুটবলার। তা সত্বেও ফুটবলের মানের নিরিখে ভারতের থেকে বেশ কয়েক কদম এগিয়ে রয়েছে সকেরুসরা। সেই দলকে শনিবার প্রথমার্ধে আটকে রেখেছিলেন সুনীলরা। ২০ মিনিটের মাথায় সুনীলের হেড ঠিক জায়গায় থাকলে খেলার স্কোরবোর্ড অন্যরকম লেখা হতে পারত। তবে ৫০ মিনিট পর গোলরক্ষক গুরপ্রীতের ভুলের মাশুল গুনতে হয় ভারতকে। দ্বিতীয় গোল হজমের ক্ষেত্রে গুরপ্রীতের পাশাপাশি অবদান ছিল ভারতীয় রক্ষণের। যদিও ভারতের হার না মানা ফুটবলকে কুর্নিশ জানিয়েছে ফুটবলপ্রেমীদের একাংশ।

আরও পড়ুন: Shaun Marsh: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার
তবে ম্যাচ শেষে নিজের হতাশা চেপে রাখতে পারেননি সুনীলদের হেডস্যার। রক্ষণের দায়িত্বজ্ঞানহীনতা দলকে ডুবিয়েছে বলে মনে করেন তিনি। স্টিমাচ জানিয়েছেন, “আমাদের ভুলের জন্য গোল দুটিই হয়েছে। রক্ষণের আরও তৎপর থাকা উচিত ছিল। অস্ট্রেলিয়া ভাল খেলে গোল পেয়েছে এমনটা নয়। দুটি গোল আমাদের বিক্ষিপ্ত দায়িত্বজ্ঞানহীন ফুটবলের ফল।” যদিও প্রতিপক্ষ হিসেবে বিপক্ষ যে ধারে ভারে অনেকটা এগিয়ে ছিল সে কথা স্বীকার করে নিয়েছেন ভারতের ক্রোট কোচ। তিনি মনে করেন ভারতের বিরুদ্ধে শারীরিক সক্ষমতার ফল পেয়েছে অজিরা। বারবার কর্ণার আদায় করে ভারতকে বিপাকে ফেলেছে হলুদ জার্সিধারীররা। পাশাপাশি নিজেদের ফুটবলারদের রক্ষণাত্মক মানসিকতার কথাও তুলে ধরেছেন স্টিমাচ। তবে এখনই দলকে নিয়ে হাল যে ছাড়ছেন না তাও স্পষ্ট করে দিয়েছেন মড্রিচদের দেশের কোচ।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার