সময় কলকাতা ডেস্ক, ১৫ জানুয়ারি: ফের রহস্যজনক ভাবে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। সুরাটে ট্রেনের শৌচালয়ে মিলল বালুরঘাটের এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত দেহ। আত্মঘাতী হয়েছেন বলেই পরিবার সূত্রে খবর। চলন্ত ট্রেনেই তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম সুনীল মুর্মু। তিনি বালুরঘাট ব্লকের বোয়ালরা গ্রাম পঞ্চায়েতের দোগাছি ফরেস্ট পাড়ার বাসিন্দা। স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে সংসার ওই পরিযায়ী শ্রমিকের। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবারে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশকিছুদিন ধরেই কোনও কাজ ছিল না মৃত ওই শ্রমিকের। এহেন পরিস্থিতিতে তাঁর শ্যালক গুজরাটের একটি শাড়ির দোকানে কাজের ব্যবস্থা করেছিলেন। সেকারণেই শুক্রবার ট্রেনে করে সুরাটে রওনা দিয়েছিলেন সুনীল মুর্মু। শুক্রবার সারারাত এবং শনিবার সারাদিন ট্রেনেই ছিলেন সুনীল। রবিবার ভোরে ট্রেনের শৌচালয়ে গিয়েছিলেন। তারপরে আর তিনি নিজের সিটে ফেরেননি। রবিবার সুরাট স্টেশনের জিআরপি ট্রেনের শৌচালয় থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন বলেই অনুমান।
কীভাবে ওই পরিযায়ী শ্রমিক শৌচালয়ের মধ্যে আত্মঘাতী হলেন? তা নিয়েই উঠছে একাধিক প্রশ্ন। জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ইতিমধ্যে এই ঘটনায় জিআরপির তরফে বালুরঘাট থানায় যোগাযোগ করা হয়। পরে বালুরঘাট থানার পুলিশ সুনীলের পরিবারের সঙ্গে যোগাযোগ করে তার পরিবারকে মৃত্যুর খবর দেয়। ওই পরিযায়ী শ্রমিকের মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য সবরকম ভাবে সাহায্য করা হয় জিআরপি এবং পুলিশের তরফে। ইতিমধ্যেই মৃতদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।


More Stories
মমতা -অভিষেককে ৩০ হাজার করে ভোটে হারাতে না পারলে নাকখত দেবেন হুমায়ুন কবীর
ভাষা-সন্ত্রাস : মুখ্যমন্ত্রী বনাম বিজেপি
আইনশৃঙ্খলার পাঠ : বিহারের কাছে কি পশ্চিমবঙ্গকে শিখতে হবে ?