Home » ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরত জাহানকে সশরীরে হাজিরার নির্দেশ আলিপুর আদালতের

ফ্ল্যাট প্রতারণা মামলায় নুসরত জাহানকে সশরীরে হাজিরার নির্দেশ আলিপুর আদালতের

সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারিঃ ফ্ল্যাট প্রতারণা মামলায় এবার আরও অস্বস্তিতে বসিরহাটের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। নিম্ন আদালতে সশরীরে হাজিরা দিতেই হবে বসিরহাটের তৃণমূল সাংসদকে। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিল আলিপুর জজ কোর্ট। এর আগে একাধিকবার আলিপুর আদালতে ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানি হয়েছে। তবে, নানা কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন নুসরত জাহান। তবে, মঙ্গলবার আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে আসতেই হবে নুসরতকে, আইনজীবীকে পাঠালে হবে না। এরপর যেদিন মামলার শুনানি হবে, সেদিন অবশ্যই হাজির হতে হবে তৃণমূল সাংসদকে।

আরও পড়ুন   OPTICAL ILLUSION: শুধু জিনিয়াসদের জন্য, ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

উল্লেখ্য, ২০১৪-১৫ সালে নুসরত ‘সেভেন সেন্সেস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড’ সংস্থার ডিরেক্টরের পদে ছিলেন। এই সংস্থাই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ৫০০ জন কর্মীকে ফ্ল্যাট দেওয়ার নাম করে প্রতারণা করেছে বলেও অভিযোগ ওঠে। সূত্রের খবর, প্রথমে ওই ৫০০ জন ব্যাঙ্ক কর্মীকে ২ কামরার ফ্ল্যাট দেওয়ার নামে সাড়ে পাঁচ লক্ষ করে টাকা তুলেছিল। তাঁদেরকে বলা হয়েছিল গড়িয়াহাট এলাকায় একটি আবাসন তৈরি করে কম দামে ফ্ল্যাট দেওয়া হবে। কিন্তু সময় পেরিয়ে গেলেও ব্যাঙ্কের কর্মীরা ফ্ল্যাট পাননি। এরপর তাঁদেরকে বলা হয়, গড়িয়াহাটে ওই আয়তনের জমি পাওয়া যাচ্ছেনা। হিডকোতে জমির মাপ বড়ো। সেখানে তিন কামরার ফ্ল্যাট দেওয়া হবে।

কিন্তু, বছরের পর বছর কেটে গেলেও ফ্ল্যাট আর পাননি তারা। সংস্থার পক্ষ থেকে ক্রমশ টালবাহানা বাড়তে থাকায় ব্যাঙ্ক কর্মীরা প্রথমে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু গড়িয়াহাট থানার পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করেনি। এরপর অভিযোগকারীরা আলিপুর আদালতে গিয়ে নুসরত সহ সংস্থার বিরুদ্ধে মামলা ফাইল করে। সেই মামলার ভিত্তিতেই গোটা বিষয়টির তদন্তে নেমে গত ৫ সেপ্টেম্বর নুসরত জাহানকে তলব করে ইডি। তারপরই সাংবাদিক বৈঠক করে অভিনেত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করেন। পাশাপাশি তদন্তে সহযোগিতা করবেন বলেও জানান।

About Post Author