সময় কলকাতা ডেস্ক, ১৭ জানুয়ারিঃ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ক্রমশ চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা পাহাড়-উপকূলেও। বুধবার ও বৃহস্পতিবার সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শীতের বৃষ্টিতে আলু ও সবজি চাষে ক্ষতির আশঙ্কা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা ও উচ্চচাপ বলয়ের জেরে সাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ২০ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রার খুব একটা হেরফের হবেনা। উত্তুরে হাওয়ার দাপটে জাঁকিয়ে শীত পড়তে চলেছে। হেমন্তের হিমেল হাওয়ায় দিনভর শিরশিরানি শুরু। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে। অন্যদিকে, উত্তরবঙ্গেও শীতের আমেজ অনেকটাই বেড়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। উত্তর ভারতে আগামী সাতদিনের মধ্যে সক্রিয় থাকবে পশ্চিমী ঝঞ্ঝা। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলির বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও কমবে। উত্তুরে হাওয়ার দেখাও মিলেছে। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই চুটিয়ে শীত উপভোগ করছে বঙ্গবাসী। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৪ থেকে ৮৯ শতাংশ। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম।
পূর্বাভাস বলছে, বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়ার পরিবর্তন হবে। তারই মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শনিবার পর্যন্ত বৃষ্টি হবে দার্জিলিংয়ে। বুধবার কালিম্পয়েও হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ওই জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতিবারের মধ্যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!