Home » ICC U19 Mens Cricket World Cup: সচিন-উদয়ের জোড়া শতরান, নেপালকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

ICC U19 Mens Cricket World Cup: সচিন-উদয়ের জোড়া শতরান, নেপালকে হারিয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে ভারত

স্পোর্টস ডেস্ক, সময় কলকাত, ৩ ফেব্রুয়ারি: দাপটে ছুটছে যুব বিশ্বকাপে ভারতের বিজয় রথ। ব্লুমফন্টেনে পাঁচে পাঁচ করে ফেলল ভারতীয় দল। শুক্রবার যুব বিশ্বকাপের সুপার সিক্সে নেপালকে ১৩২ রানে হারিয়ে দিল তারা। সৌজন্যে সচিন-উদয়ের জোড়া শতরান। সুপার সিক্সে টানা দ্বিতীয় ম্যাচে জিতে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। শেষ চারে ভারতের সামনে আয়োজক দক্ষিণ আফ্রিকা।

সচিন-সৌরভ, সচিন-রাহুল বা সচিন-সেহবাগ জুটির কথা ভারতের সৌজন্যে আগে শুনেছে বিশ্ব ক্রিকেট। তবে যুব বিশ্বকাপে দেখা গেল সচিন-উদয়ের জুটি। কথা হচ্ছে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের দুই ক্রিকেটার সচিন ধাস ও উদয় সরণের। যাদের দাপুটে শতরানে ভর করে যুব বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। সচিন খেললেন ১০১ বলে ১১৬ রানের ইনিংস। ১১ টি চার ও ৩ টি ছয়ে নিজের ইনিংস সাজালেন সচিন। পিছিয়ে ছিলেন না অধিনায়ক উদয়ও। তার ব্যাট থেকে এল ১০৭ বলে ১০০ রানের নির্ভরযোগ্য ইনিংস। চতুর্থ উইকেটে সচিন-উদয়ের জুটিতে উঠল ২১৫ রান।  তাদের জুটির সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২৯৭ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। 

ব্লুমফন্টেনে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক উদয়। তবে পড়শী দেশের বিরুদ্ধে  শুরুটা ভালো হয়নি ভারতের। ২৬ রানে প্রথম উইকেট হারায় তারা। ২১ রান করে ফিরে যান আদর্শ সিংহ। চতুর্দশ ওভারে পর পর দু’টি উইকেট হারায় ভারত। আকাশ চন্দের বলে ওভারের শেষ দুই বলে প্যাভিলিয়নে ফেরেন প্রিয়াংশু মোলিয়া এবং আর্শিন কুলকার্নি। প্রিয়াংশু ফেরেন ১৯ রানে। আর্শিনের অবদান ১৮। তবে তাদের ব্যাটিং ব্যর্থতার প্রভাব দলের উপর পড়তে দেননি সচিন-উদয়ের জুটি। নেপালের হয়ে ৩ উইকেট নেন গুলশন ঝা।

আরও পড়ুন: MESSIvRONALDO: রোনাল্ডোর ক্লাবের বিরুদ্ধে ৬-০ গোলে বিধ্বস্ত মেসির ক্লাব

জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেটে ১৬৫ রানে থামে নেপালের ইনিংস। ভারতের হয়ে বল হাতে নজর কাড়লেন সৌম্য পাণ্ডে। ২৯ রানের বিনিময়ে নিলেন ৪ উইকেট। ২ উইকেট পেয়েছেন আর্শিন কুলকার্নি। ১টি করে উইকেট পকেটে পোরেন রাজ লিম্বানি, আরাধ্য শুক্লা ও মুরুগান অভিষেক। নেপালের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন দেব খানাল। নেপালকে হারিয়ে সুপার সিক্সের এ গ্রুপে শীর্ষে রইল ভারত। বি- গ্রুপের শীর্ষস্থানাধিকারী বিশ্বকাপের আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। সেমিফাইনালে ভারত মুখোমুখি হবে তাদের।

About Post Author