Home » রাজকোট টেস্টে ভরতকে সরিয়ে ধ্রুব জুরেল?

রাজকোট টেস্টে ভরতকে সরিয়ে ধ্রুব জুরেল?

সময় কলকাতা ডেস্ক, ১২ ফেব্রুয়ারি : তাহলে কি উইকেটকিপারের পজিশনে ভারতীয় দলে  অবশেষে চমক দেখা যেতে চলেছে রাজকোটের তৃতীয় টেস্টে? ভরতকে কি বসানো হবে? ধ্রুব জুরেলের কি টেস্ট অভিষেক হবে? সূত্রের খবর তেমনটাই। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে  রাজকোটের তৃতীয় টেস্টে কে এস ভরতের জায়গায় ধ্রুব জুরেলকে দস্তানা হাতে উইকেটের পেছনে দেখা গেলে অবাক হওয়ার কিছুই নেই। সাতটি টেস্ট খেলে ভরত এখনও ঋদ্ধিমান সাহা বা ঋষভ পন্থের যোগ্য বিকল্প হয়ে ওঠার মত তেমন কিছুই করে দেখাতে পারেননি যা ভরসা জোগাতে পারে। বিসিসিআই-এর একটি সূত্রের খবর, রাজকোটে ধ্রুব জুরেলের টেস্ট অভিষেক ঘটলে বিস্ময়ের কিছুই নেই।

ভারত ইংল্যান্ডের চলতি টেস্ট সিরিজ ১-১ থাকায় আগামী তিনটি টেস্টই আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। দুটি দলই সাধ্যমত শক্তিবৃদ্ধি করার চেষ্টা করে চলেছে।  ইংল্যান্ডের উইকেটের পেছনে ফোকস ইতিমধ্যেই নজর কাড়তে পেরেছেন। ব্যাট  হাতেও তিনি দুটি টেস্টে উল্লেখযোগ্য  প্রতিরোধ গড়ে তুলেছিলেন। অলি পোপের সঙ্গে তাঁর পার্টনারশিপ প্রথম টেস্টের রং বদলে দিয়েছিল।

অন্যদিকে,উইকেটের পেছনে বা ব্যাট হাতে  ভরতের ভূমিকা তাৎপর্যপূর্ণ হয়ে ওঠেনি। রাহুল দ্রাবিড় কে এল রাহুলকে মেকশিফট উইকেট কিপার না রেখে স্পেশালিস্ট উইকেটকিপারের  পক্ষে সওয়াল করেছিলেন। ভরত কাজ চালিয়ে নিলেও উইকেটের পেছনে সুপারম্যান হয়ে উঠতে পারেন নি। ব্যাট হাতে দুটি টেস্টের চার ইনিংসে তার সর্বমোট সংগ্রহ ৯২ রান।স্বল্প ক্যারিয়ারে সাতটি টেস্টে তাঁর সংগ্রহ মাত্র ২২১ রান। ভারতের বড় ভরসা বিরাট কোহলি নিজেকে সিরিজ থেকে সরিয়ে নিয়েছেন। এরকম অবস্থায় উইকেট রক্ষকের কাছে আরও বেশি প্রত্যাশা ছিল ভারতীয় থিঙ্ক ট্যাংকের যা পালনে ব্যর্থ ভরত । তাই ধ্রুব জুরেলের কথা তৃতীয় টেস্টে ভাবা হচ্ছে।

সবমিলিয়ে রাজকোট টেস্টে  বয়সে তরুণ ও প্রতিভাবান ধ্রুব জুরেলের সামনে  টেস্টের দরজা খুলে যাওয়া অস্বাভাবিক নয়। বিসিসিআইয়ের একটি বিশ্বস্ত সূত্র বলেছে, ধ্রুব উত্তরপ্রদেশ, ইন্ডিয়া এ এবং আইপিএল টিম রাজস্থান রয়্যালসের হয়ে ভালো পারফর্ম করেছেন। তাই ধ্রুব জুরেলকে রাজকোট টেস্টে ভরতের জায়গায় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। প্রসঙ্গত, তৃতীয় টেস্ট শুরু হবে এমাসের ১৫ তারিখে।।

About Post Author