সময় কলকাতা ডেস্ক, ১৫ ফেব্রুয়ারি : latest bengali news বারবার আক্রমণ তুলে এনে ব্যাঙ্গালুরু এফ সির ডিফেন্স ফালাফালা করেও জয় এল না জামশেদপুরের। রবিবার আইএসএলে বেঙ্গালুরু বনাম জামশেদপুরের খেলা ১-১ গোলে শেষ হল, পয়েন্ট ভাগ করে নিল দুই দল । ভালো খেলেও বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ থেকে পুরো পয়েন্ট না আসায় ভাগ্যকে দোষারোপ করতেই পারে খালিদ জামিলের ছেলেরা কিন্তু গোলকিপারের সঙ্গে করমর্দন করার দূরত্বে দাঁড়িয়ে বল বারপোস্টে মারলে জয় আসা সম্ভব নয় – এই সরল সত্য অস্বীকার করার উপায় নেই। প্রচুর সুযোগ হাতছাড়া করেই ম্যাচ ড্র করল জামশেদপুর।
বেঙ্গালুরু খেলার প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে হারিয়ে যেতে শুরু করলেও ম্যাচের শুরুটা ভালই করেছিল।১৪ মিনিটে সুনীল ছেত্রীর সাজিয়ে দেওয়া বল থেকে বিপক্ষের জাল কাঁপিয়ে গোল করেন সুরেশ ওয়াংঝাম। ম্যাচের বাদবাকি সময় খেলায় পূর্ণ কর্তৃত্ব দেখায় জামশেদপুর। আর দেখা যায় জামশেদপুরের সুযোগ নষ্টের ছড়াছড়ি। প্রথমার্ধেই সমতা ফেরানোর সহজ সুযোগ নষ্ট করেন চিমা চুকু। নিখিল পূজারীর মিস পাস ধরে ফাঁকা গোলে বল ঠেলতে ব্যর্থ হন তিনি। এরপরেও সুযোগ নষ্টের প্রদর্শনী পাল্লা দিয়ে চালাতে থাকেন জামশেদপুরের খেলোয়াড়রা। কিছু ক্ষেত্রে স্ট্রাইকারদের ব্যর্থতা আবার কিছু ক্ষেত্রে বেঙ্গালুরুর গোলপোস্টের নিচে গুরপ্রিতের দক্ষতায় গোল হয় নি। অবশেষে দ্বিতীয়ার্ধে জমশেদপুরের হয়ে বেঙ্গালুরুর বিরুদ্ধে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হন পরিবর্ত হিসেবে নামা সিভেরিও। ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে আসার পরে তাঁর খেলা যেন বদলে গিয়েছে। মুম্বাই ম্যাচে তিনি গোল না পেলেও গোল করানোর পেছনে অবদান রেখেছিলেন। এম্যাচে একাধিকবার গোল করার জায়গায় পৌঁছে গেছিলেন। অবশেষে তাঁর গোল আসে হেডে। খেলার শেষ দিকে অবশ্য গুরপ্রিতের সঙ্গে ধাক্কাধাক্কি করে আইএসএলে চতুর্থ হলুদ কার্ড দেখেন সিভেরিও যার ফলে আগামী ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন না।
এই ম্যাচ ড্র হওয়ায় আইএসএলের পয়েন্ট টেবিলে কোনও রদবদল হল না। ১৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে থেকে গেল বেঙ্গালুরু, ১৪ পয়েন্ট পেয়ে ৮ নম্বরে রয়েছে জামশেদপুর। এই ড্র কিছুটা হলেও সুবিধা করে দিল ইস্টবেঙ্গলের যারা জামশেদপুরের চেয়ে তিনটি ম্যাচ কম খেলে ১২ পয়েন্টে নিয়ে নবম স্থানে দাঁড়িয়ে আছে। এখনও পর্যন্ত পয়েন্ট টেবিলের যা অবস্থা তা ইঙ্গিত দিচ্ছে ইস্টবেঙ্গলকে আইএসএলের টপ সিক্সে পৌঁছতে হলে নর্থইস্ট ছাড়াও জমশেদপুর এবং বেঙ্গালুরুর সঙ্গে পাল্লা দিতে হবে।
আরও পড়ুন জয়ের জয়জয়কার : ভারতীয় ফুটবলে নতুন মুখ জয় গুপ্তা
Breaking news in bengali সন্দেশখালিতে অশান্তির ঘটনায় গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার


More Stories
ইনিংস ও ৩০০ রানে জয় ভারতের
স্বপ্নের অভিষেক, সুতারে ধরাশায়ী আফগানিস্তান
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে