স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ ফেব্রুয়ারি: তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষে রাজকোটে রাজত্ব ভারতের। যদিও ভারতীয় ইনিংসের শুরুটা মসৃণ হয়নি। মাত্র ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড় গিয়েছিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা। সেখান থেকে দলকে টেনে তোলেন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা জুটি। দুজনেই শতরান করেন। শেষের দিকে নেমে ব্যাট হাতে ঝড় তোলেন টেস্টে অভিষেক হওয়া সরফরাজ খান। অর্ধশতরান করেন তিনিও।দিনের শেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ৩২৬ রান।
Centuries from Jadeja (110*) and Rohit Sharma (131) guide #TeamIndia to 326/5 at Stumps on Day 1 of the 3rd Test.
Scorecard – https://t.co/eYpzVPnUf8 #INDvENG@IDFCFIRSTBank pic.twitter.com/KVSDlNKmQG
— BCCI (@BCCI) February 15, 2024
টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম দিকে পিচের সহায়তা নিতে ব্যর্থ হন ভারতীয় ব্যাটারেরা। বরং ইংল্যান্ড দলে প্রত্যাবর্তনকারী মার্ক উড বল হাতে দাপট দেখান। খেলা শুরুর কয়েক ওভারের মধ্যেই একে একে প্যাভেলিয়নের রাস্তা ধরেন যশস্বী জয়সওয়াল (১০), শুভমন গিল (০) ও রজত পতিদার(৫)। ৩৩ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় ভারত। চতুর্থ উইকেটে রোহিত শর্মার সঙ্গে ইনিংস মেরামতির কাজে যোগ দেন রবীন্দ্র জাদেজা। তাদের ব্যাটে ভর করে দিনের শেষে রাজকোটে রাজত্ব কায়েম করল ভারত।

শ্রেয়স আইয়ার ও কে এল রাহুল না খেলায় পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন জাদেজা। রাজকোট তার ঘরের মাঠ। ফলে মানিয়ে নিতে খুব সমস্যা হয়নি। উল্টোদিকে অনেক দিন পর টেস্টে স্বমেজাজে দেখা গেল রোহিত শর্মাকে। বড় ও ছোট রান মিলিয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনিও। তবে জো রুট স্লিপে সহজ ক্যাচ না ফস্কালে বিপাকে পড়তে পারতেন রোহিত। মার্ক উডের একটি বল লাফিয়ে হেলমেটে লাগা ছাড়া তাকে বিশেষ বেগ দিতে পারেননি ব্রিটিশ বোলারেরা। মধ্যাহ্নভোজের বিরতির আগেই ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন ভারত অধিনায়ক। বিরতির পর রানের গতি আরও বাড়িয়ে দেন রোহিত। ইংল্যান্ডের স্পিনারদের বিরুদ্ধে বড় শটও মারেন রোহিত-রবীন্দ্র জুটি। তবে শতরানের দিকে এগোনোর সঙ্গে সঙ্গে তার রান তোলার গতিও কিছুটা কম হয়। না হলে চা বিরতির আগে শতরান করে ফেলতে পারতেন হিটম্যান। চা বিরতির পর শতরান পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৩১ রানে থামে ভারত অধিনায়কের ইনিংস।
তারপর ব্যাট করতে আসেন সরফরাজ। এই ম্যাচে সকলের চোখ ছিল তার দিকে। নিরাশ তো করেননি, বরং মন জয় করে নিলেন ক্রিকেটপ্রেমীদের। অভিষেকেই সাবলীল ব্যাটিং করলেন মুম্বইয়ের এই ব্যাটার।তার আত্মবিশ্বাসী শটগুলি উত্তর দিচ্ছিল দীর্ঘ বঞ্চনার। ইংল্যান্ড বোলারদের নামিয়ে আনলেন ক্লাব স্তরে। অর্ধশতরান করতে খেললেন মাত্র ৪৮ বল। তার ব্যাটিং দেখে মনে হচ্ছিল শতরান স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু নিজের ৯৯ রানের মাথায় বড় ভুল করলেন জাদেজা। মিড অনে বল ঠেলে কল করেও রান নিলেন না। মার্ক উড বল ধরে সরাসরি থ্রো করে উইকেট ভেঙে দেন।ভেঙে গেল সরফরাজের অভিষেক টেস্টে শতরানের স্বপ্নও। ৬৬ বলে ৬২ রান করলেও হৃদয়ে লিখে রাখার ইনিংস খেললেন সরফরাজ। এরপর জাদেজা শতরান হাতছাড়া করেননি ঠিকই। তবে সেই শতরানটি বিবর্ণ মনে হয়েছে ক্রিকেটপ্রেমীদের কাছে। দিনের শেষে ১১০ রানে অপরাজিত রয়েছেন জাদেজা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক