সময় কলকাতা ডেস্ক, ১৭ ফেব্রুয়ারি: সারাদিন রোদে,ধুলোয় ঘুরে যেমন ত্বকের যত্ন দরকার ঠিক তেমনই দরকার চুলের যত্নের। বাইরে ঘুরে কাজ করলে চুল অত্যাধিক তৈলাক্ত হয়ে পড়ে। সেইসঙ্গে চুলের ওপর তাপ ও দূষণের ব্যাপক প্রভাব পড়ে। যার ফলে চুলের তৈলাক্তভাব দেখা দেয়। চুল পড়ার সমস্যাও বাড়তেই থাকে। চুলের তৈলাক্তভাব দূর করতে নিয়মিত পরিচর্যা করা প্রয়োজন। গরম পড়তে শুরু করেছে। এইসময় সঠিকভাবে চুলের পরিচর্যা না করলে চুলের তৈলাক্তভাব থেকে যাবে। চুলের তৈলাক্তভাব দূর করতে ভৃঙ্গরাজ, জবা পাতা, কারি পাতা ব্যবহার করতে পারেন। এতে দারুণ উপকার পাবেন। দেখে নিন কীভাবে ঘরোয়া উপায়ে চুলের তৈলাক্তভাব দূর করবেন-
ভৃঙ্গরাজ
ভৃঙ্গরাজে রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ, যা স্ক্যাল্পের প্রদাহ কমাতে সাহায্য করে। এমনকী মাথার চুলকানি বা অন্য কোনও সংক্রমণ নিয়ন্ত্রণে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া ভৃঙ্গরাজে অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদানও থাকে। এর অ্যান্টিঅক্সিড্যান্ট গুণ স্ক্যাল্পের টক্সিন বের করে দিতে সাহায্য করে। সেই সঙ্গে চুলের বৃদ্ধিও ঘটায়।
গ্রিন টি ও আর্গন অয়েলের হেয়ার সিরাম
চুলের যত্নে গ্রিন টি খুবই উপকারী। এতে উপস্থিত অ্যান্টিঅক্সিড্যান্ট চুলের বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা পালন করে। এই সিরাম তৈরি করার জন্য আপনার প্রয়োজন ১/২ কাপ গ্রিন টি (ঠান্ডা করে নিতে ভুলবেন না), ২ টেবিল চামচ আর্গন অয়েল এবং ৫ ফোঁটা পিপারমিন্ট এসেনশিয়াল অয়েল। গ্রিন টি-এর মধ্য়ে এই দুই উপকরণ মিশিয়ে তৈরি করুন আপনার হেয়ার সিরাম। তারপর তুলোর বল সিরামে ডুবিয়ে স্ক্যাল্পে ও চুলের গোড়ায় লাগালেই মিলবে সুফল।
কারিপাতা
কারিপাতায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং বি। এছাড়াও কারিপাতায় উপকারী প্রোটিন এবং অ্যান্টিঅক্সিড্যান্টের ভরপুর থাকে। যা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এই পাতায় ক্যালশিয়াম, আয়রন এবং ফসফরাসের উপস্থিতিও রয়েছে। তাই এই প্রাকৃতিক উপাদান চুলের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে পাতলা চুল ঘন করে এবং চুল পড়াও কমায়।
জবা পাতা
জবা ফুল ও পাতা চুলের যত্নে ম্যাজিকের মত কাজ করে। জবা পাতায় উপস্থিত ভিটামিন সি প্রাকৃতিক ভাবেই আপনার স্ক্যাল্পের অন্দরে কোলাজেনের উৎপাদন বাড়াতে সাহায্য করে। এটি স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে। সেই সঙ্গে এই পাতা স্ক্যাল্পের প্রদাহ কমায়।


More Stories
পিঠে খেলে পেটে সয় : বাংলার ভাপা পিঠে ঐতিহ্য
ট্রাম্পের ট্যারিফে দুর্বল হবে বিশ্ব অর্থনীতি, ঊর্ধ্বমুখী হবে মুদ্রাস্ফীতি: আইএমএফ
১৩ হাজার বছর আগে লুপ্ত হওয়া প্রাণী, ফিরে এলো পৃথিবীতে