Home » Indian Football: কলঙ্কিত ফুটবল, ম্যাচ গড়াপেটার দায়ে সাসপেন্ড করা হল ভারতের একটি ক্লাবকে

Indian Football: কলঙ্কিত ফুটবল, ম্যাচ গড়াপেটার দায়ে সাসপেন্ড করা হল ভারতের একটি ক্লাবকে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ ফেব্রুয়ারি: খেলার মাঠকে কলঙ্কিত করতে পারে যেসব ঘটনা তার মধ্যে অন্যতম ম্যাচ গড়াপেটা। সেই গড়াপেটার অভিযোগ উঠল ভারতের একটি ক্লাবের বিরুদ্ধে। সম্প্রতি দিল্লি প্রিমিয়ার লিগের খেলায় মুখোমুখি হয় আহবাব এফসি বনাম রেঞ্জার্স এসসি। সেই ম্যাচে নিজেদের মধ্যে পাস খেলে নিজেদের জালে বল জড়াতে দেখা যায় এক দলের ফুটবলারদের। সেই গোলের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সমাজ মাধ্যমে। শুরু হয় বিতর্ক। তার পরেই নড়েচড়ে বসল দিল্লি ফুটবল সংস্থা। সাসপেন্ড করা হল আহবাব এফসি-কে।

দিল্লি ফুটবল সংস্থার পক্ষ থেকে সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে এই খবরে সিলমোহর দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “জরুরি ভিত্তিতে একটি বৈঠক করে দিল্লি ফুটবলার সংস্থা। সেখানে মূল বিষয় ছিল দিল্লি প্রিমিয়ার লিগে ম্যাচ গড়াপেটা। সমস্ত অভিযোগের ভিত্তিতে আলোচনা করা হয়েছে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই মুহূর্ত থেকে আহবাব এফসি-কে সাসপেন্ড করা হল। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের সাসপেন্ড রাখা হচ্ছে।”

আরও পড়ুন: SOURAV GANGULY: “আগামী প্রজন্ম ওকে দেখে অনুপ্রাণিত হবে….” ভারতের এই তরুণ ক্রিকেটারে মুগ্ধ সৌরভ

ভিডিও দুটিতে ঠিক কী দেখা গিয়েছিল? প্রথম ভিডিওতে দেখা গিয়েছে নিজেদের বক্সের মধ্যে পাস খেলছে আহবাব এফসির ফুটবলারেরা। বিপক্ষ দলের ফুটবলারেরা তখন নীরব দর্শক। গোলরক্ষক নিজের জায়গায় নেই। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া দ্বিতীয় ভিডিওতে দেখা যায় সেই এক দৃশ্য। অর্থাৎ নিজেদের মধ্যে পাস খেলতে খেলতা নিজেদের জালে ফের বল জড়িয়ে দিলেন ওই ক্লাবেরই এক ফুটবলার। দুই ভিডিও দেখার পর দর্শকদের মনে প্রশ্ন ওঠে ম্যাচের স্বচ্ছতা নিয়ে। প্রশ্ন তোলেন খোদ মিনার্ভা পঞ্জাবের কর্তা রঞ্জিত বাজাজ। শ্রীনিধি ক্লাবের কর্তাদেরও দেখা যায় সরব হতে। এবার সেই ক্লাবের বিরুদ্ধেই এদিন ব্যবস্থা গ্রহণ করল দিল্লি ফুটবল সংস্থা। যদিও ভারতীয় ফুটবলকে হতে হল কলঙ্কিত।

About Post Author