Home » East Bengal News: ইস্টবেঙ্গলে আবার নতুন বিদেশী, এবার কার জায়গায়?

East Bengal News: ইস্টবেঙ্গলে আবার নতুন বিদেশী, এবার কার জায়গায়?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বের খেলা চলছে। ইতিমধ্যে দেশী ও বিদেশী ফুটবলারদের নাম নথিভুক্তও হয়ে গিয়েছে। তার মধ্যেই ইস্টবেঙ্গলে আবার যোগ দিতে আসছেন ‘নতুন বিদেশী’। আইএসএলের বাকি ম্যাচে কী খেলবেন তিনি? খেললে কার জায়গায় খেলবেন? কবেই বা আসছেন? এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে সময় কলকাতা।

আরও পড়ুন: মোহনবাগানের সঙ্গে ড্র, আইএসএলে এখনও পয়েন্ট শীর্ষে ওড়িশা এফসি

নতুন হলেও, তিনি নতুন নন। ইস্টবেঙ্গলে ইতিমধ্যে খেলে গিয়েছেন। সেই জর্ডন এলসে ফের আসতে চলেছেন ইস্টবেঙ্গলে। কার্লেস কুয়াদ্রাতের তত্ত্বাবধানে অনুশীলনেও নামবেন তিনি। জানা গিয়েছে, আগামী সোমবার কলকাতায় পা রাখতে চলেছেন অস্ট্রেলিয়ার এই ডিফেন্ডার। তিনি দলের সঙ্গে যোগ দিলেও এখনই কোনও ফুটবলারকে ছাড়বে না লালহলুদ ব্রিগেড। কারণ, ইতিমধ্যে ছয় বিদেশী ফুটবলারকে নথিভুক্ত করিয়ে নেওয়া হয়েছে আইএসএলে। ফলে এই মরশুমে ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে পারবেন না এলসে। তবে আগামী মরশুমের কথা চিন্তা করেই তাকে অনুশীলনে রেখে দিতে চাইছে কলকাতার অন্যতম প্রধান ক্লাব। আইএসএল, ডুরান্ড, সুপার কাপের পাশাপাশি আগামী মরশুমে এএফসি কাপে খেলবে ইস্টবেঙ্গল। সেখানে খেলানো হতে পারে এলসেকে।

আরও পড়ুন: India vs England: যশস্বী ছাড়া ব্যর্থ ভারতীয় ব্যাটিং অর্ডার, দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক জায়গায় ইংল্যান্ড

মরশুমের শুরুতে হোসে পারদোর সঙ্গী হিসেবে এলসেকে দলে নিয়েছিল ইস্টবেঙ্গল। ডুরান্ড কাপে নজরও কাড়েন জেসন কামিংসের দেশের এই বিদেশী। তবে মোহনবাগানের বিরুদ্ধে ফাইনালে গুরুতর চোট পান। সেই চোট তাকে মরশুম থেকে ছিটকে দেয়। তার জায়গায় নিয়ে দলে নেওয়া হয় হিজাজী মাহেরকে। জর্ডনের এই ফুটবলারও কোচ ও সমর্থকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। আর এক বিদেশী ডিফেন্ডার হোসে পারদোও চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তার জায়গায় দলে নেওয়া হয়েছে আলেকজান্ডার প্যান্টিচকে। তিনি একটি মাত্র ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত। ফলে ইস্টবেঙ্গলে আবার যোগ দিলেও খেলার জন্য এই আগামী মরশুম পর্যন্ত অপেক্ষা করতে হবে এলসেকে।

About Post Author