সময় কলকাতা ডেস্ক, ২৮ ফেব্রুয়ারিঃ লোকসভা ভোটের আগে কংগ্রেস থেকে পদত্যাগ করলেন কৌস্তভ বাগচী। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং রাজ্য প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরীকে ই-মেল করে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন তিনি। সেই সঙ্গে লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছেন কৌস্তভ। জানা গিয়েছে, গেরুয়া শিবিরে যোগ দিয়েই তৃণমূলের বিরুদ্ধে লড়তে চলেছেন তিনি। যদিও কৌস্তভের এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন মহম্মদ আলি পার্কের সামনে তেলের ট্যাঙ্কারে আগুন, গাড়ির ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু চালকের
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে তিন পাতার চিঠিতে কৌস্তভ জানান, ‘আত্মসম্মান খুইয়ে তিনি কংগ্রেসে থাকতে চান না। সর্বভারতীয় কংগ্রেস রাজ্যে তৃণমূলকেই গুরুত্ব দেয়। তাদের কাছে প্রদেশ কংগ্রেসের কোনও অস্তিত্বই নেই। তবে, মাথা মুণ্ডন করে যে তৃণমূল সরকারকে বাংলা থেকে উৎখাত করার প্রতিজ্ঞা করেছিলেন, সেই অবস্থান থেকে সরছেন না তিনি। রাজনীতিতেই যে থাকবেন, সে বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন এই আইনজীবী।’ এরপরই তিনি সব জল্পনা উসকে বলেন, ‘ একটু অপেক্ষা করুন। পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আর তাছাড়া এখন একমাত্র শুভেন্দু অধিকারীই পারেন বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাত করতে।’
প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই একাধিক ইস্যু নিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দূরত্ব বাড়তে শুরু করেছিল কৌস্তভ বাগচীর। এরপর থেকেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা যায় তাঁকে। সম্প্রতি কৌস্তভের বাড়ির এক অনুষ্ঠানে শুভেন্দুকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে একসঙ্গে দেখা গিয়েছিল তাঁদেরকে। গত সেপ্টেম্বর মাসে নিয়োগের দাবিতে মিছিল করেন গ্রুপ ডি চাকরি প্রার্থীরা। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে গিয়েছিল সেই মিছিল। তাতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি সেই মিছিলে দেখা যায় কৌস্তভ বাগচীকেও। এমনকী বিরোধী দলনেতা হিসেবে অতীতে শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসাও করতে দেখা গিয়েছে কৌস্তভ বাগচীকে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা