সময় কলকাতা ডেস্ক,২৯ ফেব্রুয়ারি : ওড়িশা এফসির বিরুদ্ধে ইস্টবেঙ্গল দলের ডাগ আউটে থাকতে পারছেন না কার্লেস কুয়াদ্রাত। কারণ রেফারি তাঁকে কার্ড দেখিয়েছেন চেন্নাইয়ানের বিরুদ্ধে যুবভারতী মাঠে। চেন্নাইয়ান ম্যাচে নামার আগেই কোচ কুয়াদ্রাত অবশ্য বিস্ফোরণ ঘটিয়েছিলেন রেফারির বিরুদ্ধে। তাঁর অভিযোগভরা ক্ষোভ যে, তাঁর রাতের ঘুম দুঃস্বপ্নে ভরে থাকছে যেখানে ঘুরে ঘুরে আসছে রাহুল গুপ্তার মত রেফারিরা। রেফারিদের ভুল নিয়ে সরব হয়ে বেশ কিছু কথা বলেন তিনি। তাঁর বক্তব্য, রেফারির ভুলে ভারতীয় ফুটবল এগোতে পারছে না। রেফারির ভুল সংশোধন করার জন্য ভারতে বিদেশ থেকে নিরপেক্ষ রেফারী আনতে হবে। এবার পাল্টা মুখ খুললেন ওড়িশা কোচ সের্জিও লোবেরা। দুই কোচের বাকযুদ্ধ অন্য মাত্রা পেয়েছে। লোবেরার বক্তব্য,ম্যাচের আগের রেফারিদের ওপরে চাপ তৈরি করার চেষ্টা করছেন কার্লেস কুয়াদ্রাত। তাঁর মতে, ইস্টবেঙ্গল তো সুপার কাপ জিতেছে রেফারির ভুলেই।
দুই কোচের বাকযুদ্ধ জারি, নেপথ্য কাহিনী কী? লোবেরা অবশ্য রেফারিদের পক্ষই নিয়েছেন কিন্তু তিনি মনে করিয়ে দিতে বলেননি সুপার কাপ ফাইনালে রেফারির সিদ্ধান্তের কথা। লোবেরা অবশ্যই কুয়াদ্রাতের মত যা বলেননি তা হল তাঁর দুঃস্বপ্নের কথা। এ কথা নিশ্চিতভাবেই বলা যায়, লোবেরার স্বপ্নেও ঘুরেফিরে আসে সুপার কাপ ট্রফি হাতে ইস্টবেঙ্গলের কোচ ও খেলোয়াড়দের বিজয় চুম্বন। ওড়িশার ঘরের মাঠে ট্রফি জয়ের খুব কাছে গিয়েও তাদের ফিরে আসতে হয়েছে। অতিরিক্ত তিরিশ মিনিটে ক্লেটন সিলভা গোল করে ইস্টবেঙ্গলের ট্রফি জয় সুনিশ্চিত করেন। কিন্তু তার আগেই লাল কার্ড দেখে তাঁর গুরুত্বপূর্ণ ডিফেন্ডার মূর্তদা ফলকে বেরিয়ে যেতে হয়। তার কিছু আগেই বোরহা হেরেরা কায়দা করে পেনাল্টি আদায় করে নেন বক্সের মধ্যে পড়ে গিয়ে যেখানে ওড়িশার কোনও প্লেয়ার তাঁকে অবৈধ বাধা দেননি। আর এই পেনাল্টিকে কাজে লাগিয়ে লাল হলুদকে এগিয়ে দিয়েছিলেন সওল ক্রেসপো। এসব ভোলেন কি করে লোবেরা? ভোলা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, ইস্টবেঙ্গলের সঙ্গে লোবেরার সম্পর্ক যে অম্ল মধুর। ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসার জন্য প্রাথমিক আশ্বাস দিলেও পরবর্তীতে মতপাল্টে তিনি চলে যান ওড়িশায়। ইস্টবেঙ্গল সমর্থকদের বেশ বড় অংশের চোখে ইস্টবেঙ্গলের খুব বড় শত্রু ওড়িশা। তার কারণ লোবেরা। ফ্যানবেসড ক্লাব ইস্টবেঙ্গলের কর্মকর্তারাও লোবেরার বিরুদ্ধে যে ক্ষুব্ধ তার বিলক্ষণ জানেন কুয়াদ্রাত। লোবেরাও কী জানেন না? অথচ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে সাফল্য তারা আসছে না। আইএসএলের প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে তাঁর দল জয় পায়নি, সুপার কাপ ফাইনাল ও হারতে হয়েছে। এখন রেফারিদের পাশে থাকার কথা বলছেন লোবেরা অথচ মনে করিয়ে দিতে ভুলছেন না সুপার কাপ ফাইনালের কথা। ইস্টবেঙ্গল কোচকে ওড়িশা কোচের আক্রমণ ও রেফারিদের বিষয়ে তাঁর মতামতের কেন্দ্রে রয়েছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ওড়িশার হারের ক্ষত। লোবেরা আইএসএলের দ্বিতীয় লীগে ইস্টবেঙ্গলের মুখোমুখি হওয়ার আগে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও তাঁর লক্ষ্য ইস্টবেঙ্গলকে হারিয়ে প্রতিশোধ নেওয়া আর সেজন্য তিনি খেলার আগেই ইস্টবেঙ্গল ও লাল হলুদ কোচের বিরুদ্ধে কোমর বাঁধছেন। কুয়াদ্রাত ডাগ আউটে থাকবেন না তো কী হয়েছে, লড়াই যে দুই কোচের। শীতল যুদ্ধ জারি ।।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার