Home » ফিল ফোডেনের জোড়া গোল, ম্যানচেস্টার ডার্বিতে জয় সিটির

ফিল ফোডেনের জোড়া গোল, ম্যানচেস্টার ডার্বিতে জয় সিটির

স্পোর্টস ডেস্ক,সময় কলকাতা, ৪ মার্চ: ম্যানচেস্টার ডার্বিতে জয় ম্যানচেস্টার সিটির। রবিবার ঘরের মাঠ ইতিহাদে ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়ে দিল তারা। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েছিল সিটি। সেখান থেকে দ্বিতীয়ার্ধে তিন গোল করে প্রত্যাবর্তন করে দল। দলের হয়ে জোড়া গোল ফিল ফোডেনের। এই জয়ের ফলে লিগ শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পয়েন্টের ব্যবধান আরও কমাল পেপ গুয়ার্দিওলার দল।

ঘরের মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যানচেস্টার সিটি। বল দখলের লড়াই থেকে গোলমূখী প্রয়াসে ইউনাইটেডের উপর আধিপত্য দেখিয়েছে পেপ ব্রিগেড। কিন্তু খেলা শুরুর ৮ মিনিটের মধ্যে গোল হজম করতে হয় তাদের। প্রায় একক দক্ষতায় ৩০ গজ দূর থেকে গোল করে অপ্রত্যাশিতভাবে ইউনাইটেডকে এগিয়ে দিয়েছিলেন মার্কোস রাশফোর্ড। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে সিটিজেনরা। একাধিক গোলের প্রয়াস থাকলেও গোলের খাতা খুলতে পারছিলেন না আর্লিং হালান্ড, ফিল ফোডেনরা। ফাইনাল থার্ড অঞ্চলের মধ্যে গিয়ে বারবার গোলের পথ হারাচ্ছিলেন তারা। অভিজ্ঞ জনি ইভান্সকে দিয়ে মার্ক করিয়ে হাল্যান্ডকে নিস্তেজ করে দিয়েছিলেন ইউনাইটেডের ডাচ কোচ। কয়েকবার দলের নিশ্চিত পতন রুখে দেন ইউনাইটেডের গোলরক্ষক। একবার ফাঁকা গোল পেয়েও বারের উপর থেকে উড়িয়ে দেন হালান্ড। বিরতির আগে রাসফোর্ডের গোলেই পিছিয়ে ছিল সিটি।

আরও পড়ুন   LA LIGA: বেলিংহামের লালকার্ড, লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ায় হোঁচট রিয়ালের

দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুড়ে আক্রমণ শুরু করে আকাশী জার্সিধারীরা। ৫৬ মিনিটে খেলায় সমতা ফেরান ফিল ফোডেন। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের ইনসুইং শটে গোল করেন তিনি। শরীর ছুঁড়ে দিয়েও বলে নাগাল পাননি ইউনাইটেড গোলরক্ষক। খেলার ৮০ মিনিটে ফের গোল করেন ইংল্যান্ডের মিডফিল্ডার। জুলিয়ান আলভারেজের রিটার্ন পাস থেকে গোল করেন ফোডেন। এই গোলের সৌজন্যে ম্যাচে প্রথমবার এগিয়ে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে খেলা থেকে হারিয়ে যায় ইউনাইটেড। চোটের কারণে প্রথম দলের একাধিক ফুটবলার খেলতে পারেননি। সেই অভাবটা এদিন দেখা গেল। একাধিক ভুল পাস খেললেন তারা। দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে সোফিয়ান আমরাবাতের একটি ভুল পাস থেকে তৃতীয় গোলটি পেয়ে যায় সিটি। গোল করেন নরওয়ের তারকা ফুটবলার আর্লিং হালান্ড। সেই সঙ্গে দলের জয়ও নিশ্চিত করেন তিনি।

এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে ম্যান সিটি। ২৭ ম্যাচে তাদের পয়েন্ট ৬২। সমসংখ্যক ম্যাচে এক পয়েন্ট বেশি পেয়ে শীর্ষে লিভারপুল।সিটির জয়ে চাপ বাড়ল তিন নম্বরে থাকা আর্সেনালের। ২৬ ম্যাচে মিকেল আর্তেতার দলের পয়েন্ট ৫৮। চার নম্বরে অ্যাস্টন ভিলা। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ৫৫ পয়েন্ট । পাঁচে থাকা টটেনহ্যামের পয়েন্ট ২৬ ম্যাচে ৫০। ২৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড।

About Post Author