Home » LA LIGA: বেলিংহামের লালকার্ড, লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ায় হোঁচট রিয়ালের

LA LIGA: বেলিংহামের লালকার্ড, লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ায় হোঁচট রিয়ালের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ মার্চ: লা লিগায় ধাক্কা রিয়াল মাদ্রিদের। রবিবার ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে তাদের ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করল কার্লো আন্সেলোত্তির ছেলেরা।লিগের ফিরতি পর্বের খেলা শেষ হল ২-২ গোলে।প্রথম ৩০ মিনিটের মধ্যে স্বাগতিকরা এগিয়ে গিয়েছিল  ২-০ গোলে।দ্বিতীয়ার্ধে সেই গোল দুটি শোধ করেন রিয়ালের ভিনিসিয়াস জুনিয়র। শেষ মুহূর্তে আরও একটি গোল করে রিয়াল। তবে মাঝপথে রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজিয়ে দেয়। ফলে ১ পয়েন্ট পেয়ে সন্তুষ্ট থাকতে হয় রিয়ালকে।খেলা শেষে রেফারির সঙ্গে ঝামেলায় জড়িয়ে লালকার্ড দেখেন ইংল্যান্ডের তারকা মিডফিল্ডার জুড বেলিংহাম।

চরম নাটকীয় ম্যাচের সাক্ষী থাকল শনিবারের মেস্তায়া স্টেডিয়াম। ম্যাচের সংযুক্তি সময়ের শেষ লগ্নের খেলা চলছিল। থেলার ফল তখনও ২-২। এই ম্যাচ জিতলে লা লিগা জয়ের আরও কিছুটা কাছে পৌঁছে যেত রিয়াল।ফলে তেড়েফুড়ে বিপক্ষের রক্ষণে চাপ বাড়াচ্ছিলেন ভিনিসিয়াস, বেলিংহামরা।শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জেতার ব্যাপারে স্পেনের এই ক্লাবটির জুড়ি মেলা ভার।আবার সেই প্রত্যাবর্তনের পুনরাবৃত্তি দেখার জন্য উৎকন্ঠা বাড়ছিল রিয়াল সমর্থকদের।ডান প্রান্ত থেকে পাঠানো এক সতীর্থের ক্রস থেকে বল গোলে জড়িয়েও দিয়েছিলেন বেলিংহাম। তবে ক্রস পাঠানো ও মাথা ছোঁয়ানোর মাঝামাঝি সময়ে খেলা শেষের বাঁশি বাজিয়ে দেন রেফারি। গোলটিকে বাতিল করা হয়। রেফারির এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি জয়ের জন্য ব্যাকুল রিয়াল ফুটবলাররা। রেফারির সঙ্গে জড়িয়ে পড়েন বিতর্কে। সব থেকে বেশী বিবাদ করছিলেন বাতিল হওয়া গোলের নায়ক বেলিংহাম। তখন তাকে লালকার্ড দেখানো হয়। গোলটি বাতিলের সিদ্ধান্তেও অনড় থাকেন রেফারি। ফলে খেলা শেষ হয় ২-২ গোলে।

আরও পড়ুন: Lionel Messi-Suarez: মেসি-সুয়ারেজের যুগলবন্দী, ফ্লোরিডা ডার্বিতে গোলাপী ঝড়ে উড়ে গেল অরল্যান্ডো সিটি

ম্যাচের শুরু থেকে আগ্রাসী মেজাজে পাওয়া যায় রিয়ালের ফুটবলারদের। বল দখল থেকে বিপক্ষের গোলে শট সবক্ষেত্রে স্বাগতিকদের টেক্কা দেন তারা।তবে ২৭ থেকে ৩০ মিনিটের মধ্যে খেলার গতির বিপরীতে গিয়েই অনেকটা জোড়া গোল হজম করে বসে আন্সেলোত্তির ছেলেরা। দুটি গোলের পিছনে রিয়ালের রক্ষণের দুর্বলতাকে শুধু দায়ী করা যায়। প্রথম গোলটি করেন উগো দুরো। দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রোমান ইয়ারেমচুকে।  প্রথমার্ধের বিরতিতে যাওয়ার আগে একটি গোল শোধ করে রিয়াল। গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। কারভাহালের পাস থেকে আসে প্রথম গোল। ৭৬ মিনিটে খেলায় সমতাও ফেরান ব্রাজিলের ২৩ বছরের তারকা। ব্রাহিম দিয়াজের বাড়ানো চিপ থেকে গোল করেন তিনি। দলকে সমতায় ফেরালেও জেতাতে পারেননি তিনি।

About Post Author