স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ মার্চ: আইএসএলে বড় অঘটন। লিগের তলানিতে থাকা চেন্নাইয়ানের বিরুদ্ধে হার লিগ শীর্ষে থাকা ওড়িশা এফসির। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে সের্গিও লোবেরার দল হারল ১-২ গোলে। ওড়িশার হারে সুবিধা হল মোহনবাগান সুপার জায়ান্টের। অন্যদিকে জয় পেয়ে ইস্টবেঙ্গলের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করল চেন্নাইয়ান।
আরও পড়ুন বিধানসভায় বিধায়ক পদে ইস্তফা তৃণমূল নেতা তাপস রায়ের, দলের বিরুদ্ধে উগরে দিলেন একরাশ ক্ষোভ
খেলা শুরু হওয়ার ৬ মিনিটের মধ্যে পিছিয়ে পড়েছিল ওড়িশা এফসি। অঙ্কিত মুখোপাধ্যায়ের করা গোলে এগিয়ে যায় চেন্নাইয়ান। গোল শোধের জন্য মরিয়া চেষ্টা চালাতে থাকে ওড়িশা। একের পর এক আক্রমণে ওড়িশা রক্ষণে চাপ বাড়াতে থাকে তারা। তবে গোলের দেখা পায়নি। এদিন চেন্নাইয়ানের তিন কাঠির তলায় দুর্ভেদ্য হয়ে ওঠেন মোহনবাগানের প্রাক্তন গোলরক্ষক দেবজিৎ মজুমদার। যাকে মোহনবাগান সমর্থকরা নাম দিয়েছিলেন সেভজিৎ। সেই পুরনো মেজাজে পাওয়া গেল তাকে। মরিসিও, কৃষ্ণাদের একার হাতেই রুখে দিলেন এই বাঙালি গোলরক্ষক। ফলে বিরতিতে যাওয়ার সময় ০-১ গোলে পিছিয়ে ছিল ওড়িশা। দ্বিতীয়ার্ধে আক্রমণে আরও চাপ বাড়ায় লোবেরার দল। তবে নিজের জায়গায় অনড় ছিলেন দেবজিৎ। তিনি প্রথম পরাস্ত হন ৭৮ মিনিটে। গোলটি শোধ করেন মোহনবাগানের আর এক প্রাক্তনী রয় কৃষ্ণা।

একটা সময় মনে হচ্ছিল খেলা অমীমাংসিত শেষ হবে। তবে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ে চেন্নাইয়ানের হয়ে জয়সূচক গোলটি করেন জর্ডন মারে। সেই গোল আর শোধ করতে পারেনি ওড়িশা। ইতিমধ্যে আইএসএলের নকআউটে নিজেদের জায়গা পাকা করে ফেলেছে ওড়িশা এফসি ও মুম্বই সিটি এফসি। তবে এবার পচা শামুকে পা কাটল ওড়িশার। ম্যাচ হারলেও এখনই লিগের শীর্ষস্থান হারায়নি তারা। ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট পেয়ে একনম্বরে রয়েছে ওড়িশা। এক ম্যাচ কম খেলে ৩৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে মুম্বই। পরের ম্যাচ জিতলে লিগ শীর্ষে পৌঁছে যাবে তারা। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট পেয়ে তিন নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট। ওড়িশা ও মুম্বইয়ের থেকে দু’ম্যাচ কম খেলেছে তারা। ফলে হাবাসের দলের কাছেও লিগ শীর্ষে যাওয়ার সুযোগ থাকছে।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান