Home » টিকিট না পেয়ে ক্ষোভ, হাওড়া থেকে তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে লড়বেন মুখ্যমন্ত্রীর ভাই

টিকিট না পেয়ে ক্ষোভ, হাওড়া থেকে তৃণমূলের বিরুদ্ধে নির্দল হয়ে লড়বেন মুখ্যমন্ত্রীর ভাই

সময় কলকাতা ডেস্ক, ১৩ মার্চঃ লোকসভা ভোটের টিকিট না পেয়ে আগেই তৃণমূলের প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোট ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। তাঁর অভিযোগ ছিল, বারবার আশ্বাস দিলেও দল তাঁকে গুরুত্ব দেয়নি। হাওড়ায় তৃণমূলের প্রার্থী হিসেবে এবারও টিকিট পেয়েছেন প্রসূন বন্দ্যোপাধ্যায়। আর এই প্রসূনের বিরুদ্ধেই একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন বাবুন। জানালেন, হাওড়া থেকে তৃণমূলের বিরুদ্ধে নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়বেন তিনি। দিদির আশীর্বাদ নিয়েই ভোটে লড়বেন বলে জানিয়েছেন বাবুন। এদিকে, বাবুনের এই সিদ্ধান্তের পরই বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠকে তিনি ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করার কথা জানিয়ে দিলেন। সাংবাদিক সম্মেলনে এদিন তিনি জানান, ‘লোভীদের পছন্দ করি না। বাবুনের সঙ্গে আর তাঁর বা তাঁর পরিবারের কোনও সম্পর্ক নেই। হাওড়া সদর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হতে না পেরে বাবুন যা করছেন বা বলছেন, তাতে গোটা বন্দ্যোপাধ্যায় পরিবার ক্ষুব্ধ বলে জানিয়েছেন মমতা।

আরও পড়ুন   SBI Submits Electoral Bonds: সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচনী কমিশনের হাতে ‘বন্ড’ তথ্য তুলে দিল এসবিআই

অভিমানী বাবুন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ রাজনীতিতে অনেক কিছুই হয়। ২০১৯ এবং ২০২১ সালেও তাঁকে লোকসভার টিকিট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এই বছরও আশ্বাসের জায়গা তৈরি হয়েছিল। কিন্তু এবারও সেই আশ্বাস বাস্তবায়িত হয়নি। কী আর বলব…।’ মঙ্গলবারই দিল্লিতে যান স্বপন। এরপরেই তীব্র শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সোশ্যাল মিডিয়াতে প্রচার শুরু হয় তিনি নাকি বিজেপিতে যোগদান করছেন। যদিও সেই জল্পনায় ইতি টেনে মোহনবাগানের ফুটবল সচিব বাবুন জানিয়ে দেন, যতদিন দিদি বেঁচে আছেন, তিনি তৃণমূল ছাড়ছেন না। এদিকে,প্রসূনের টিকিট পাওয়া প্রসঙ্গে বাবুন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘প্রসূন বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের প্রার্থী হওয়ার যোগ্য নয়। মোহনবাগান ক্লাবের এজিএমের সময় আমাকে ধাক্কা দিয়েছিলেন প্রসূন। আমাকে অপমান করেছিলেন। তাঁকে নিয়ে আমার প্রচুর অ্যালার্জি আছে। হাওড়ার মানুষ ওঁকে মেনে নিচ্ছেন কি না জানি না। কিন্তু আমি বলতে পারি, এই প্রার্থী ঠিক হয়নি। দিদিকে কিছু জিনিস জানিয়েও লাভ হয়নি। প্রথম থেকে বলা হয়েছে ওঁকে বাদ দিয়ে অন্যকে প্রার্থী করলে হাওড়ার মানুষ অন্যভাবে গ্রহণ করবেন।

প্রসূনের বিরুদ্ধে বাবুনের অভিযোগ, এমপিল্যাডের টাকা এলাকার মানুষের জন্য ঠিকমতো খরচ করতে পারেননি প্রসূন। কাজ হয়নি বলে মানুষের মধ্যে তাঁর গ্রহণযোগ্যতাও নেই। তাঁর থেকে অনেক যোগ্য প্রার্থী হাওড়ায় রয়েছে।‘ এরপরই রীতিমতো বোমা ফাটিয়ে বাবুন বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যাইনি কখনও, যাবও না। ১৯৮১ সাল থেকে দলের সঙ্গে জড়িয়ে। কখনও দলের বিরুদ্ধে যাইনি। দিদিকে বলে, দিদির আশীর্বাদ নিয়েই ভোটে দাঁড়াব।’

#latestbengalinews

#Loksabhaelection2024

#ChiefMinister’sbrotherbabun

About Post Author