সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চঃ নির্বাচনী আদর্শ আচরণ বিধি চালু হওয়ার পরই রাজ্যে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। লোকসভা নির্বাচনের আগে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। গত ডিসেম্বরেই রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে নিযুক্ত করা হয়। আর ৩ মাসের মধ্যেই ডিজিপি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন।
গত শনিবারই দেশে লাগু হয়েছে নির্বাচনী আদর্শ আচরণ বিধি। নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে কমিশন যে বদ্ধপরিকর তা সেইদিনই বুঝিয়ে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। আর এবার রাজ্য পুলিশের ডিজির পদ থেকে সরান হল রাজীব কুমারকে। সোমবার নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করে জানিয়েছে, রাজীব কুমারকে ‘নন ইলেকশন রিলেটেড পোস্ট’ অর্থাৎ ভোটের সঙ্গে যুক্ত থাকে না এমন কোনও পোস্টে পাঠাতে বলা হয়েছে।
তবে, এদিন শুধু রাজ্য পুলিশের ডিজিকেই নয়, সরানো হয়েছে রাজ্য পুলিশের আইজিকেও। একইসঙ্গে একাধিক রাজ্যে প্রশাসনিক পদে পরিবর্তন করা হয়েছে। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের স্বরাষ্ট্রসচিবকেও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের সঙ্গে যুক্ত এমন কোনও কাজে তাঁদের রাখা হবে না বলেই জানা গিয়েছে। আজ বিকেল ৫টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি এবং আইজি পদে নিয়োগ করার জন্য তিনজন অফিসারের প্যানেল চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
#StatePoliceDGRajeevKumar
#latestbengalinews


More Stories
আবার বাড়ল পেট্রোল, ডিজেলের দাম
সুপ্রিম রায় : বিবাহিতা মহিলাদের বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ টিকবে না
আমাদের চেয়ে ভালো গলা কাটতে কেউ জানেনা, বাংলাদেশকে হুঁশিয়ারি নাগাল্যান্ডের মন্ত্রীর