Home » Train Accident: সুপারফাস্ট ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ! ছিটকে গেল ট্রেনের ইঞ্জিন ও ৪টি কামরা, আহত একাধিক যাত্রী

Train Accident: সুপারফাস্ট ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ! ছিটকে গেল ট্রেনের ইঞ্জিন ও ৪টি কামরা, আহত একাধিক যাত্রী

সময় কলকাতা ডেস্ক, ১৮ মার্চঃ ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। মাঝরাতে লাইনচ্যুত সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। লাইন থেকে ছিটকে গেল ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা। পাশের ট্রাকেই দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ট্রেনের একাধিক যাত্রী। রবিবার মধ্যরাতে রাজস্থানের আজমেরের কাছে মাদার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরত্বে এই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলেই সূত্রের খবর।

আরও পড়ুন   Building Collapsed in Kolkataঃ মাথায় ব্যান্ডেজ নিয়েই গার্ডেনরিচের ঘটনাস্থলে মমতা, ক্ষতিপূরণের ঘোষণা ফিরহাদের

জানা গিয়েছে, এদিন রাত একটা নাগাদ সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল, হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। পিছনেই থাকা পরপর চারটি কামরাও লাইন থেকে ছিটকে যায়। মাঝরাতে তখন যাত্রীরা ঘুমোচ্ছিলেন। আচমকাই বিকট শব্দ ও ঝাঁকুনির জেরে ঘুম ভেঙে যায় তাঁদের। বুঝতে পারেন লাইনচ্যুত হয়েছে কামরা। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে যান উদ্ধারকারী দলের সদস্যরা। ট্রেন দুর্ঘটনায় অনেকে আহত হয়েছেন বলে খবর। আহতদেরকে উদ্ধার করে প্রথমে আজমের স্টেশনে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিতসার পর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। এদিকে, দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান আরপিএফ, জিআরপি। অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের অন্যান্য শীর্ষকর্তারাও দুর্ঘটনাস্থলে পৌঁছন। রাত থেকেই যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। লাইনচ্যুত কামরা ও ইঞ্জিনকে ট্রাকে তোলার চেষ্টা করা হয়। তবে কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশের বিজিয়ানগরমে ট্রেন দুর্ঘটনা ঘটে। অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরামে বিশাখাপত্তনম-পলাশা প্যাসেঞ্জার ট্রেন ও বিশাখাপত্তনম রায়গড় প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। লাইনচ্যুত হয়ে যায় বিশাখাপত্তনম-রায়াগাদা প্যাসেঞ্জার ট্রেনের ৩টি বগি। জানা গিয়েছে, বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল একটি প্যাসেঞ্জার ট্রেন। ওভারহেড তারে কোনও সমস্যার জন্য সেটি দাঁড়িয়ে যায়। সেইসময়েই দ্রুতগতিতে আসা পালাসা এক্সপ্রেস দাঁড়িয়ে থাকা ট্রেনে ধাক্কা মারে। তাতেই বেলাইন হয় ৩টি বগি। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারান ২০ জন। গুরুতর আহত হয়েছিলেন ৫৬ জন। দক্ষিণ-পশ্চিম রেল সুত্রে জানা গিয়েছিল, পালাসা প্যাসেঞ্জার ট্রেনটি ওই লাইনে থাকায় পিছন থেকে আসা বিশাখাপত্তনম-রায়গড় প্যাসেঞ্জার ট্রেনটিকে লাল সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু চালক সেই সিগন্যাল না লক্ষ্য করায় ঘটে যায় বিপত্তি। ট্রেনটি গিয়ে সোজা পালাসা প্যাসেঞ্জার ট্রেনের পিছনে ধাক্কা মারে। মর্মান্তিক এই ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তার আশ্বাসও দেন তিনি।

#TrainAccidentinRajasthan

#latestbengalinews

About Post Author