Home » বেঙ্গালুরুকে হারিয়ে কেকেআরের বাগানে ফুল হয়ে ফুটলেন নারিন -রাসেল, কাঁটা স্টার্ক

বেঙ্গালুরুকে হারিয়ে কেকেআরের বাগানে ফুল হয়ে ফুটলেন নারিন -রাসেল, কাঁটা স্টার্ক

সময় কলকাতা ডেস্ক, ৩০ মার্চ : #2024IPL ২০২৪ আইপিএল শুরুতে দুরন্ত ছন্দে থাকা কলকাতা নাইট রাইডার্স আবার জিতল,এবার জিতল অনায়াসে । রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কে ৭ উইকেটে হারিয়ে দিল ১৯ বল বাকি থাকতে। ক্রিকেটীয় পরিভাষায় যাকে বলা হয় কনভিন্সিং উইন। শুক্রবার কেকেআরের  বাগানে ফুল হয়ে ফুটলেন নারিন – রাসেল , বাগানে কাঁটা হয়ে থাকলেন মিচেল স্টার্ক।

শুক্রবারের ম্যাচে  বেঙ্গালুরুর হয়ে আরেকবার দুর্দান্ত হয়ে উঠলেন ক্রিকেটের বিরাট মানব বিরাট কোহলি। ৫৯ বলে অপরাজিত ৮৩ রান করে বেঙ্গালুরু দলকে নিয়ে গেলেন ৬ উইকেটে ১৮২ রানে। মনে হয়েছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু প্রতিপক্ষের ডাগআউটে ছিলেন গৌতম গম্ভীর। ওপেন করতে নামিয়ে দিলেন গত দুটি মরশুমে ২৮ ম্যাচে সর্বমোট ৯৩ রান করা সুনীল নারিনকে। বল হাতে জাদু না দেখালেও ২২ বলে ৪৭ রান করে ও ফিলিপ সল্টকে সঙ্গী করে প্রথম ছয় ওভারে ৮৫ রান তুলে নিলেন নারিন । নারিন পাঁচটি ছয় মারলেন, ক্লাব স্তরের বোলারে নামিয়ে আনলেন সিরাজ ও আলজেরি জোসেফকে। কেকেআরের ব্যাটিংয়ের প্রথম ছওভারে কার্যত খেলা শেষ হয়ে যায়। বেঙ্গালুরুর যেটুকু স্বপ্ন ছিল তা মুছে দেন কেকেআরের আইয়ার জুটি। তবে ব্যাটিং দাপটে চাপা পড়ে গেল ২৪ কোটি ৭৫ লাখ টাকার মিচেল স্টার্কের পাহাড় প্রমাণ ব্যর্থতা। দুটি ম্যাচেই রান দেওয়ায় সেঞ্চুরি করে ফেলেছেন স্টার্ক । হায়দ্রাবাদ ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ৮ ওভার বল করে দিয়েছেন পাক্কা একশো রান। এদিনও দিলেন ৪৭। বল হাতে স্টার্কের চেয়ে অনেক বেশি কার্যকরী মনে হয়েছে হরষিত রানা বা রাসেলকে। বেঙ্গালুরুর ১৮২ রান তাড়া করতে নেমে নারাইন, সল্ট, ভেঙ্কটেশ আয়ারদের সৌজন্যে পুরো পয়েন্ট ঘরে তুলতে অসুবিধা হয়নি কলকাতার।।

আরও পড়ুন UEFA Euro Cup: প্লে-অফে জিতে ইউরো কাপে খেলার যোগ্যতা অর্জন করল তিন দেশ

#2024IPL

About Post Author