Home » UEFA Euro Cup: প্লে-অফে জিতে ইউরো কাপে খেলার যোগ্যতা অর্জন করল তিন দেশ

UEFA Euro Cup: প্লে-অফে জিতে ইউরো কাপে খেলার যোগ্যতা অর্জন করল তিন দেশ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ মার্চ: চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে চলেছে উয়েফা ইউরো কাপ। এ বার প্রতিযোগিতার আসর বসবে জার্মানিতে। ইউরোপের মোট ২৪ টি দেশ প্রতিযোগিতায় অংশ নেবে। যোগ্যতা অর্জন পর্ব থেকে আগেই ২১ টি দেশ প্রতিযোগিতার ছাড়পত্র আদায় করে ফেলেছিল। বাকি ছিল তিনটি দেশ। প্লে-অফে খেলে সেই তিন দেশ পেয়ে গেল জার্মানির টিকিট। ইউরো কাপে যোগ্যতা অর্জন করা সেই তিন দেশ হল পোল্যান্ড, ইউক্রেন ও জর্জিয়া।   

ইউরো কাপে খেলার ছাড়পত্র পেয়ে গেল রবার্ট লেভানডস্কির দেশ পোল্যান্ড। প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচে ওয়েলসকে হারিয়েছে পোলিশরা। ওয়েলসের ঘরের মাঠে তাদের হারাতে লেভানডস্কিদের অপেক্ষা করতে হয়েছে পেনাল্টি শ্যুটআউট পর্যন্ত। নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল গোলশূন্য। অতিরিক্ত সময়েও কোনও দল গোলের দেখা পায়নি। অতিরিক্ত সময়ের শেষ লগ্নে লালকার্ড দেখে মাঠ ছাড়েন ওয়েলসের ফুটবলার ক্রিস মেফাম। যদিও তার পর গোল করার সময় পায়নি পোল্যান্ড। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারের প্রথম চারটি শটে দুটি দলই গোল করে। কিন্তু ওয়েলসের হয়ে পঞ্চম শট নিতে এসে গোল করতে ব্যর্থ হন ড্যানিয়েল জেমস। শেষ শটে গোল করে ম্যাচ জিতে নেয় পোল্যান্ড।জাতীয় দলের হয়ে লেভানডস্কির অভিষেকের পর গত চারটি ইউরোতে যোগ্যতা অর্জন করেছিল পোল্যান্ড। এই নিয়ে পঞ্চম বারের জন্য ইউরো কাপ খেলবেন বার্সেলোনার তারকা ফরওয়ার্ড।

প্লে-অফের অন্য ম্যাচে জয় পেয়েছে ইউক্রেন। দেশে যুদ্ধ চলায় পোল্যান্ডে ঘরের ম্যাচ খেলতে নেমেছিল তারা। প্রতিপক্ষ আইসল্যান্ড। ম্যাচের ৩০ মিনিটের মধ্যে যদিও পিছিয়ে পড়ে ইউক্রেন। আইসল্যান্ডের হয়ে গোল করেন অ্যালবার্ট গুডমুন্ডসন। বিরতির সময় ০-১ গোলে পিছিয়ে ছিল আন্দ্রে শেভচেঙ্কোর দেশ। তবে বিরতির পর আর পিছিয়ে থাকেনি। ৫৪ মিনিটে ইউক্রেনের হয়ে সমতা ফেরান ভিক্টর সিগানকভ। আর ম্যাচের ৮৫ মিনিটে গোল করে দলের জয় নিশ্চিত করেন চেলসির তারকা মিখাইলো মুদ্রিক। ইউরো কাপে ইউক্রেন রয়েছে  রোমানিয়া, স্লোভাকিয়া এবং বেলজিয়ামের গ্রুপে।

আরও পড়ুন: IPL 2024: রচিন-শিবমের ব্যাটিং দাপট, গুজরাটকে হারিয়ে লিগ শীর্ষে চেন্নাই

প্লে-অফে জিতে জার্মানির টিকিট নিশ্চিত করেছে জর্জিয়াও। মঙ্গলবার তাদের খেলতে হয়েছে গ্রিসের বিরুদ্ধে। ঘরের মাঠে নির্ধারিত ৯০ মিনিটে খেলার ফল ছিল গোলশূন্য। প্রথমার্ধের সংযুক্তি সময়ে এক ফুটবলার লালকার্ড দেখে মাঠ ছাড়ায় দ্বিতীয়ার্ধে দশজনে খেলতে হয় জর্জিয়াকে। যদিও বিপক্ষে একজন ফুটবলার না থাকার সুযোগ নিতে পারেনি ২০০৪ সালের ইউরো চ্যাম্পিয়নরা। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনও দল গোলের দেখা না পাওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

প্রথম শটে গোল পায় জর্জিয়া। অপরদিকে, গ্রিসের প্রথম শট বাঁচিয়ে দেন তাদের গোলরক্ষক জিয়োর্জি। তৃতীয় শটে গোল করতে পারেনি জর্জিয়া। ম্যাচে সাময়িক সমতা ফিরলেও শেষরক্ষা হয়নি গ্রিসের। তাদের চতুর্থ শট বাইরে যায়। শেষ শটে গোল করে জর্জিয়ার জয় নিশ্চিত করেন নিকা। ইউরো কাপে জর্জিয়া রয়েছে তুরস্ক, চেক প্রজাতন্ত্র এবং পর্তুগালের গ্রুপে।

About Post Author