Home » IPL 2024: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হার, আইপিএলে হারের হ্যাটট্রিক হার্দিকের মুম্বইয়ের

IPL 2024: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও হার, আইপিএলে হারের হ্যাটট্রিক হার্দিকের মুম্বইয়ের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ এপ্রিল: আইপিএলে ফের ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের। এ বারের প্রতিযোগিতায় প্রথম তিন ম্যাচের তিনটিতেই হারল হার্দিক পান্ডিয়ার দল। সোমবার ঘরের মাঠ ওয়াংখেড়েতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৬ উইকেটে হেরে গেল মুম্বই। কম রানের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৫ রান তোলেন হার্দিকরা। জবাবে ১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান। রাজস্থানের হয়ে দুরন্ত অর্ধশতরান করেন রিয়ান পরাগ। এই জয়ের ফলে আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে চলে গেলেন সঞ্জু স্যামসনরা।
টসে জিতে মুম্বইকে প্রথমে ব্যাট করতে পাঠান রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। অধিনায়কে সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দলের বোলাররা। প্রথম ওভারেই মুম্বইয়ের ইনিংসে জোড়া ধাক্কা দেন ট্রেন্ট বোল্ট। 

আরও পড়ুন  Building Collapse: গার্ডেনরিচের পর এবার মুচিপাড়ায় ভেঙে পড়ল বাড়ির একাংশ

ওভারের শেষ দুটি বলে তিনি ফেরান রোহিত শর্মা ও নমন ধীরকে। দুজনেই রানের খাতা না খুলেই ডাগআউটমুখী হন। পরের ওভারে মুম্বইয়ের ইনিংসে তৃতীয় ধাক্কাটিও দেন সেই বোল্ট। ডেওয়াল্ড ব্রেভিসকেও ফেরান শূন্য রানে। ঈশান কিষান শুরুটা ভাল করলেও বড় রান পাননি। ১৪ বলে ১৬ রান করে নান্দ্রে বার্গারের বলে আউট হন মুম্বই ওপেনার। চতুর্থ ওভারে ২০ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। সেই পরিস্থিতিতে দলের হাল ধরেন তিলক বর্মা ও হার্দিক পান্ডিয়া। পঞ্চম উইকেটে ৫৬ রানের জুটি গড়েন দুজনে। তিলক করেন ২৮ বলে ৩২ রান। আর মুম্বই অধিনায়কের ব্যাট থেকে এল ২১ বলে ৩৪ রান। শেষের দিকে টিম ডেভিডের ২৪ বলে ১৭ রান ছাড়া আর উল্লেখযোগ্য রান পাননি মুম্বইয়ের কোনও ব্যাটার। রাজস্থানের হয়ে তিনটি করে উইকেট নিলেন ট্রেন্ট বোল্ট ও যুজবেন্দ্র চাহল। নান্দ্রে বার্গার নিলেন দুটি উইকেট। একটি উইকেট নেন আবেশ খান।

১২৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি রাজস্থানেরও। ৬.৩ ওভারে ৪৮ রানে ৩ উইকেট হারায় তারা। যশস্বী জয়সওয়াল করেন ৬ বলে ১০ রান। জস বাটলারের ব্যাট থেকে আসে ১৬ বলে ১৩ রান। অধিনায়ক সঞ্জুর অবদান ১০ বলে ১২। দ্রুত ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেন রিয়ান পরাগ ও রবিচন্দ্রন অশ্বিন জুটি। ৪০ রান স্কোরবোর্ডে যোগ করেন তারা। ১৬ বলে ১৬ রান করে আউট হন অশ্বিন। রিয়ান পরাগের সঙ্গে দলের রানকে এগিয়ে নিয়ে যান ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা শিবম দুবে। ৩৯ বলে ৫৪ রানে অপরাজিত ছিলেন রিয়ান। তার ব্যাট থেকে এল ৫টি চার এবং ৩টি ছয়। শুভম অপরাজিত থাকলেন ৬ বলে ৮ রান করে। মুম্বইয়ের হয়ে তিনটি উইকেট নেন আকাশ মাধওয়াল। তরুণ কোয়না মাফাকারও একটি উইকেট পেয়েছেন। এছাড়া আর কোনও বোলার এ দিন উইকেট পাননি।

#রাজস্থানরয়্যালস

About Post Author