Home » আবগারি দুর্নীতি মামলায় ৬ মাস পর জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং

আবগারি দুর্নীতি মামলায় ৬ মাস পর জামিন পেলেন আপ নেতা সঞ্জয় সিং

সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিলঃ লোকসভা ভোটের আগে আবগারি দুর্নীতি মামলায় বড় স্বস্তি আপ-এর। অবশেষে দীর্ঘ ৬ মাস পর আবগারি দুর্নীতি মামলায় জামিন পেলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। মঙ্গলবার সুপ্রিম কোর্ট তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেছে। গত বছরের অক্টোবরে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করেছিল ইডি। আবগারি দুর্নীতি মামলার সঙ্গে জড়িত যে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল সঞ্জয় সিং-কে। গত মাসে জেল হেফাজতে থাকাকালীনই সাংসদ হিসেবে শপথ নেন তিনি। সোমবার ইডি হেফাজত থেকে জেল হেফাজতে পাঠানো হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। আর ঠিক পরদিনই জামিন পেলেন তাঁর দলের সাংসদ। এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি প্রসন্ন বি ভারালের বেঞ্চ সঞ্জয় সিং-কে জামিন দিয়েছে। এর আগে জামিনের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সঞ্জয় সিং। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।

আরও পড়ুন  নিজের রেকর্ড নিজেই ভাঙলেন, মায়াঙ্কের পেসের দাপটে বেসামাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

এদিকে, দিল্লির আবগারি দুর্নীতি মামলায় এবার গ্রেফতারের আশঙ্কা প্রকাশ করলেন আম আদমি পার্টির নেত্রী তথা মন্ত্রী আতিশী। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, কিছুদিনের মধ্যেই ইডি তাঁকে গ্রেফতার করবে। একইসঙ্গে আতিশী বলেন, ‘সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডাকেও গ্রেফতার করা হবে।’ সোমবারই দিল্লির আদালতে ইডি জানিয়েছে, আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দকে জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, মূল হোতা বিজয় নায়ারের সঙ্গে যোগাযোগ রাখতেন আতিশী এবং সৌরভ ভরদ্বাজ। আতিশীর অভিযোগ, তাঁকে প্রস্তাব দেওয়া হয়েছে, বিজেপিতে যোগ দিয়ে রাজনৈতিক কেরিয়ার রক্ষা করার জন্য। যদিও সেই প্রস্তাব নাকচ করে আপ নেত্রী বলেন, ‘ আমি অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক, ভগৎ সিংহের আদর্শকে সামনে রেখে রাজনীতি করি। আমি কিছুতেই বিজেপির সঙ্গে বোঝাপড়া করব না।‘

উল্লেখ্য, আবগারি দুর্নীতি মামলায় দিল্লি আদালত সোমবারই দিল্লির মুখ্যমন্ত্রী এবং আম আদমি পার্টি (এএপি) নেতা অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লি আবগারি নীতি মামলায় ১৫ এপ্রিল পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে থাকার নির্দেশ দিয়েছে। রাউজ অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারক (পিসি অ্যাক্ট) কাবেরী বাওয়েজা এই নির্দেশ দিয়েছেন। তারই মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের আইনজীবীরা কেজরিওয়ালকে তিনটি বই পড়ার অনুমতি দেওয়ার জন্য আবেদন করেছিলেন – ভগবদ গীতা, রামায়ণ এবং কীভাবে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেন(How Prime Ministers Decide )।

#আমআদমিপার্টিরসাংসদসঞ্জয়সিং

#আবগারিদুর্নীতিমামলা

#latestbengalinews

#ArvindKejriwal

About Post Author