Home » Mahua Maitra: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি

Mahua Maitra: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি

সময় কলকাতা ডেস্ক, ৩ এপ্রিলঃ ভোটের আগে আরও বিপাকে কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর। এবার বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় মহুয়ার বিরুদ্ধে মামলা দায়ের করল ইডি। বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য গত বৃহস্পতিবার সকালে দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রের। কিন্তু নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি ওইদিন দিল্লির ইডি দফতরে হাজিরা দেননি। ইডিকে মহুয়া জানিয়েছিলেন, ‘ লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন।‘ কিন্তু মঙ্গলবারই তাঁর বিরুদ্ধে নতুন মামলা করল কেন্দ্রীয় এজেন্সি। মহুয়াকে এর আগে দুবার তলব করেছিল ইডি। দুবারই তিনি হাজিরা এড়িয়ে যান। একইসঙ্গে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে দিল্লিতে তলব করে।

আরও পড়ুন  Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান! মৃত ৪, আহত ৬০, জারি সুনামি সতর্কতা

এর আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় গত সপ্তাহেই মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। সেইসঙ্গে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়া থাকেন সেখানে গিয়েছিলেন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। মুহূর্তের মধ্যে তাঁর বাড়ি ঘিরে ফেলেন ৮ থেকে ১০ জন জওয়ান। তল্লাশি চলে গোটা বাড়িতে। সূত্রের খবর, এই বাড়িতে মহুয়া খুব একটা থাকেন না। বেশিরভাগ সময় থাকেন করিমপুরের বাড়িতে। উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় শনিবার সিবিআই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান। এই আবাসনের নয় তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়া মৈত্রের বাবা। সেখানেই গিয়েছেন গোয়েন্দারা।

সূত্রের খবর, লোকপালের নির্দেশে যে এফআইআর দায়ের করা হয়েছিল তা সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবার আলিপুরে ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকরা। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে তল্লাশি। প্রায় চারঘণ্টা ধরে চলছে চিরুনি তল্লাশি। এর আগে গত বৃহস্পতিবারই টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। লোকপালের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০(৩)এ ধারার অধীনে অভিযোগের সব দিকে তদন্ত করতে হবে সিবিআইকে এবং ছয়মাসের মধ্যে তদন্তের একটি রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া সিবিআই প্রতিমাসে তদন্তের অগ্রগতি নিয়ে পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেবে।

#ED

#MahuaMaitra

#latestbengalinews

About Post Author