Home » ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি হয়েছে? তা জানতে এবার খাদ্য দফতরে নোটিস ইডির

ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি হয়েছে? তা জানতে এবার খাদ্য দফতরে নোটিস ইডির

সময় কলকাতা ডেস্ক, ৪ এপ্রিলঃ রেশন দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে কত কোটির দুর্নীতি হয়েছে, তা জানতেই ফের তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি। ইতিমধ্যেই খাদ্য দফতর থেকে বাতিল রেশন কার্ডের তথ্য চেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। বায়োমেট্রিক পদ্ধতি চালু হওয়ার পর থেকে কত রেশন কার্ড বাতিল হয়েছে, তাও জানতে চেয়েছেন তদন্তকারীরা। সেইসঙ্গে ২০১৮-২০২৪ সাল পর্যন্ত কত রেশন কার্ড বাতিল করা হয়েছে, সেই তথ্য চাওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত খাদ্য দফতরের তরফে কিছুই জানানো হয়নি।

আরও পড়ুন   অর্থ সমস্যায় উদ্বিগ্ন থাকবেন, বিবাহিত সম্পর্কে উন্নতি! জানুন রাশিফল

প্রসঙ্গত, রেশন দুর্নীতির তদন্তে নেমে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা একের পর এক বিস্ফোরক দাবি করেছেন আদালতে। তদন্তকারীরা জানতে পেরেছেন, চিংড়ির ব্যবসার আড়ালে ১৩৭ কোটি কালো টাকা সাদা করেছেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান। জানা গিয়েছে, চিংড়ি মাছের রফতানির কাজ করা দুটি সংস্থার মাধ্যমে শাহজানের সংস্থায় ওই পরিমাণ টাকা ঢুকেছিল। ইতিমধ্যেই সেই টাকা লেনদেনের নথিও সংগ্রহ করেছে ইডি। ইডির দাবি, ভুয়ো ভেড়ির মালিকদের কাছ থেকে মাছ কেনার নামে চলত কালো টাকা সাদা করার কাজ। এসকে সাবিনা নামে একটি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করত। তারা ভুয়ো ভেড়ি মালিকদের কাছ থেকে মাছ কিনত। তদন্তকারী সংস্থার আইনজীবীর দাবি, আদিবাসীদের জমি দখলদারি সিন্ডিকেটের মাস্টারমাইন্ডও ছিলেন সন্দেশখালির ‘বেতাজ বাদশা’। শাগরেদদের সামনে রেখে চলত সেই দখলদারিও। আর সেই কাজ করত শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা।

এদিকে, ইডির আবেদনের ভিত্তিতে গত সোমবার বিকেল চারটের সময় শাহজাহান বসিরহাট আদালতে হাজিরা দেয়। ইডির দাবি, ৩১ কোটি ২০ লাখ টাকার মানি লন্ডারিং মামলায় তাঁরা শেখ শাহজাহানকে জেরা করেন।যদিও গত শনিবারই রেশন দুর্নীতি মামলা, বিদেশের সঙ্গে আর্থিক লেনদেন-সহ একাধিক বিষয়ে শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতে আবেদন করেছিল ইডি। বসিরহাট আদালতের অনুমতি নিয়ে এদিন ইডি কর্তারা সোজা পৌঁছে যান বসিরহাট সংশোধনাগারে। আপাতত এই সংশোধনাগারই হল তৃণমূল নেতা শেখ শাহাজাহানের ঠিকানা।

#শেখশাহজাহান

#রেশনদুর্নীতিকাণ্ড

#ইডি

About Post Author