Home » Sayani Das: পঞ্চসাগর পার করে নয়া নজির বর্ধমানের মেয়ে সায়নীর, কেমন ছিল অভিজ্ঞতা জানালেন বাংলার জলকন্যা….

Sayani Das: পঞ্চসাগর পার করে নয়া নজির বর্ধমানের মেয়ে সায়নীর, কেমন ছিল অভিজ্ঞতা জানালেন বাংলার জলকন্যা….

সুজয় ভট্টাচার্য ও অর্কোজ্যোতি বন্দ্যোপাধ্যায়, পূর্ব বর্ধমান, ৪ এপ্রিল: প্রাকৃতিক প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে স্বপ্নপূরণ। নিউজিল্যান্ডের কুক প্রণালী জয় করলেন বাংলার মেয়ে সায়নী দাস। ২রা এপ্রিল নিউজিল্যান্ডের সময় অনুযায়ী সকাল ৮.২২ মিনিট নাগাদ জলে নামেন তিনি। ২৯.৫ কিলোমিটারের চ্যানেল সাঁতার কাটতে সায়নীর সময় লেগেছে ১১ ঘণ্টা ৫১ মিনিট। তিনি এর আগে ইংলিশ চ্যানেল-সহ মোট চারটি চ্যানেল পার করেছিলেন। সেগুলি হল ক্যালিফোর্নিয়ার ক্যাটলিনা চ্যানেল, হাওয়াই দ্বীপপুঞ্জের মালোকাই চ্যানেল ও রটনেস্ট চ্যানেল। এবার সায়নীর পালকে যুক্ত হল নতুন পালক।

তবে বাকি চ্যানেলগুলির থেকে এটিই সব থেকে কঠিন ছিল বলে জানিয়েছেন সায়নী। বৃহস্পতিবার নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেছেন, “২০২২ সাল থেকে আমি এর প্রস্তুতি শুরু করেছিলাম। এই চ্যানেলটা ২০২২ সালে পার করার কথা ছিল। কিন্তু করোনার জন্য পিছিয়ে যায়। কুক প্রণালীর আবহাওয়া খুব রুক্ষ্ম। তাপমাত্রা থাকে ১০-১৫ ডিগ্রির মত। জলের ঢেউও খুব খারাপ ছিল। এই ঠান্ডার মধ্যে নিজের দেহের স্নায়ুতন্ত্রটি ঠিক রাখা খুব কঠিন ছিল। একটা সময়ে মনে হয়েছিল আমি সংজ্ঞা হারাব।”

এরসঙ্গে তিনি বলেন, “আমি সফল হয়েছি কারণ পরিবারকে পাশে পেয়েছি। অনেক শুভানুধ্যায়ীও আমায় আশীর্বাদ করেছেন। আমার লক্ষ্য এই বছরেই নর্থ চ্যানেল পার করা।” সায়নীর বাবা ও প্রথম কোচ রাধেশ্যাম দাস জানিয়েছেন, “‘‘জেলিফিস আমার মেয়েকে দমিয়ে রাখতে পারেনি। সব প্রতিকূলতাকে কাটিয়ে ১১ ঘন্টা ৫১ মিনিটে সাড়ে ২৯ কিমি সাঁতরে কুক প্রণালী জয় করতে পেরেছে মেয়ে। আমরা ওর জন্য গর্বিত।”

পূর্ব বর্ধমানের কালনার বারুইপাড়া এলাকার মেয়ে সায়নী। তার বাবা রাধেশ্যাম দাস পেশায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মা গৃহবধূ। বাবার হাত ধরেই প্রথম সাঁতারের সঙ্গে পরিচয় হয় সায়নীর। একটা সময় সাঁতার শিখেছিলেন হুগলির রিষড়া সুইমিং ক্লাবেও। তখন থেকেই সপ্তসিন্ধু জয়ের স্বপ্ন দেখতে শুরু করেন সায়নী। ইতিমধ্যে ২২ বছরের বাঙালী মেয়ে পার করে ফেলেছেন চতুর্থ নম্বর চ্যানেল। তার সামনে রয়েছে এখনও দুটি লক্ষ্য। জিব্রালটার চ্যানেল ও নর্থ চ্যানেল। এই দুটি চ্যানেল পেরোতে পারলেই স্বপ্ন পূরণ হবে বাঙলার জলকন্যা। এর আগেও এক বাঙালি সপ্তসাগর জয় করেছিলেন, তিনি বুলা চৌধুরী।

আরও পড়ুন: Kolkata Knight Riders: নারিনের দুরন্ত ব্যাটিং, বিশাখাপত্তনমে দিল্লির বিরুদ্ধে দাপুটে জয় নাইটদের

জানা গিয়েছে, কুক প্রণালী জয় করে আগামী ১০ এপ্রিল কলকাতায় ফিরবেন সায়নী। কৃতী মেয়েকে বরণ করে নেওয়ার জন্য বিমানবন্দরে হাজির থাকবেন পরিবারের সদস্যরা। সায়নীর এই সাফল্যে উচ্ছ্বসিত কালনাবাসীও। ঘরের মেয়েকে শোভাযাত্রা করে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে তাদের।

About Post Author