স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ এপ্রিল: নাটকের পর নাটক। প্রিমিয়ার লিগে চেলসি বনাম ম্যানচেস্টার ইউনাইটেডের হাইভোল্টেজ লড়াই শেষ হল চরম নাটকীয়তার মধ্যে দিয়ে। বৃহস্পতিবার ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে শুরুতেই দু গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। প্রথমার্ধে জোড়া গোল শোধ করে ম্যাচে ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। বিরতির পর গোল করে এরিক টেন হ্যাগের দল এগিয়েও গিয়েছিল। ম্যাচের নির্ধারিত সময়ে ২-৩ গোলে পিছিয়ে ছিল চেলসি। সেখান থেকে সংযুক্ত করা ৮ মিনিটের মধ্যে জো়ড়া গোল করে ম্যাচ জিতে নিল মরিসিও পচেত্তিনোর ছেলেরা। স্বাগতিকদের হয়ে হ্যাটট্রিক করলেন দলের তরুণ ফরওয়ার্ড কোল পালমার।

ম্যাচ শুরুর বাঁশি বাজার মাত্র ৪ মিনিটের মধ্যে এগিয়ে যায় চেলসি। বক্সের মধ্যে থেকে কনর গ্যালাঘারের নেওয়া মাটি ঘেঁষা শট পরাস্ত করে ইউনাইটেড গোলরক্ষককে। ম্যাচের ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে অল ব্লু’জরা। বক্সের মধ্যে চেলসির এক ফুটবলারকে ফাউল করে বসেন অ্যান্টনি। পেনাল্টি পায় চেলসি। গোল করতে ভুল করেননি কোল পালমার। ২-০ গোলে দলকে এগিয়ে দেন তরুণ ইংরেজ ফরওয়ার্ড। খেলার প্রথম আধা ঘন্টা ইউনাইটেডের উপর দাপট বজায় রাখে স্বাগতিকরা। ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি। ৩০ মিনিটের পর খেলায় ফেরে ইউনাইটেড। চেলসি রক্ষণভাগের ভুলে একটি গোল শোধ করেন আলেহান্দ্রো গার্নাচো। প্রথম গোলের পাঁচ মিনিটের মধ্যে দলকে সমতায় ফেরান অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেজ। বাঁ প্রান্ত থেকে দালোটের বাড়ানো ক্রস থেকে হেডে গোল করেন তিনি। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ২-২।
Football. ????#CFC | #CheMun pic.twitter.com/mqA47Drrsv
— Chelsea FC (@ChelseaFC) April 4, 2024
আরও পড়ুন: IPL 2024: ব্যর্থ গিলের লড়াই, ২০০ রান তাড়া করে গুজরাটকে হারাল পঞ্জাব
বিরতির পর দলে কয়েকটি পরিবর্তন করেন ইউনাইটেড কোচ। মাঠে আনেন মার্কোস রাশফোর্ডকে। ম্যাচের ৬৭ মিনিটে তার তৈরি করা বল থেকেই এগিয়ে যায় লাল জার্সীধারীরা। ডান প্রান্ত থেকে অ্যান্টনির বাড়ানো বলে হেড করে গোল করেন গার্নাচো। ম্যাচের নির্ধারিত সময় পর্যন্ত ৩-২ গোলের ব্যবধান ধরে রেখেছিল ইউনাইটেড। কিন্তু নাটকের তখনও বাকি ছিল। মোট ৮ মিনিট সংযুক্তি সময় দেন ম্যাচের চতুর্থ রেফারি। ৯৭ মিনিটে বক্সের মধ্যে মাদুয়েকেকে ফাউল করে বসেন দালোট। আবার পেনাল্টি পায় চেলসি। পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান কোল পালমার। গোল হজম করে অলআউট আক্রমণে ঝাঁপায় ইউনাইটেড। সেই সুযোগে প্রতি আক্রমণে দলের হয়ে চতুর্থ ও জয়সূচক গোলটি করে যান সেই পালমার। ম্যানচেস্টার সিটি থেকে চেলসিতে যোগ দেওয়ার পর এই প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন তিনি।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার