Home » UEFA Champions League: জোড়া গোল রাফিনহার, প্যারিসে এমবাপ্পেদের হারাল বার্সেলোনা

UEFA Champions League: জোড়া গোল রাফিনহার, প্যারিসে এমবাপ্পেদের হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১১ এপ্রিল: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের খেলায় রুদ্ধশ্বাস জয় বার্সেলোনার (FC Barcelona)। বুধবার রাতে প্যারিস সাঁ জাকে (Paris Saint Germain) তাদের ঘরের মাঠে ৩-২ গোলে হারিয়ে দিল তারা। কাতালানদের হয়ে জোড়া গোল করলেন রাফিনহা। আর একটি গোল করেন আন্দ্রে ক্রিস্টেনসেন। পিএসজির হয়ে গোল দুটি করেন উসমানে ডেম্বলে ও ভিটিনহা। খেলা দেখতে হাজির হয়েছিলেন দুই ক্লাবে খেলা প্রাক্তন তারকা ও ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার রোনাল্ডিনহো।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিয়েছিল পিএসজি। একদিকে কিলিয়ান এমবাপ্পে ও অন্যদিকে বার্সার প্রাক্তন ফুটবলার উসমানে ডেম্বলে জুটি জাভির দলের রক্ষণে চাপ বাড়াতে থাকে। নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাঁ প্রান্ত দিয়ে আক্রমণের ঝড় তুলছিলেন এমবাপ্পে। কিন্তু ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে খেলার রাশ যায় কাতালান ক্লাবটির দখলে। ম্যাচের প্রথম গোলটি আসে ৩৭ মিনিটে। বার্সেলোনার হয়ে গোলের খাতা খোলেন রাফিনহা। ব্রাজিলিয়ান উইঙ্গারের করা একমাত্র গোলে বিরতির সময় এগিয়ে ছিল বার্সেলোনা।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি দিয়ে নিচের ছবি দুটি থেকে ৪০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে পারবেন?

আরও পড়ুন:UEFA Champions League: ঘরের মাঠে বায়ার্নের বিরুদ্ধে দুরন্ত খেলেও হার বাঁচাল আর্সেনাল

দ্বিতীয়ার্ধের শুরু থেকে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে পিএসজি। খেলার ৪৮ মিনিটে প্যারিসের ক্লাবের হয়ে সমতা ফেরান উসমানে ডেম্বলে। দু’মিনিট পরেই ফের গোল করে পিএসজি। ফ্যাবিয়ান রুইজের রক্ষণ চেরা পাস থেকে গোল করতে ভুল করেননি ভিটিনহা। ১-২ গোলে পিছিয়ে পড়ে জাভি হার্নান্ডেজের দল। কিন্তু তারা হাল ছাড়েনি। ৬২ মিনিটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। ৭৭ মিনিটে ম্যাচের জয়সূচক গোলটি পায় বার্সেলোনা। কর্নার থেকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন ক্রিস্টেনসেন। যিনি জোড়া গোল করা রাফিনহার পরিবর্তে মাঠে নামেন। বাকি সময় খেলায় আর সমতা ফেরাতে পারেনি স্বাগতিক পিএসজি। আগামী ১৭ এপ্রিল ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেতে সেই ম্যাচে জিততেই হবে এমবাপ্পেদের। অন্যদিকে ম্যাচ অমীমাংসিত শেষ হলেও সেমি ফাইনালে পৌঁছে যাবে কাতালানরা।

About Post Author