পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা , ৩০ এপ্রিল : মমতা-রাহুল মানেন নি। রেবন্ত রেড্ডি মানেন নি। কাকলি ঘোষ দস্তিদারও মানছেন না। বিজেপির ৪০০ পার করার তত্ত্ব মানছেন না বিরোধী নেতা-নেত্রীদের কেউই ।
তবে অন্য বিরোধী নেতা নেত্রীদের মত কাকলি ঘোষ দস্তিদার অবশ্য ২০০ আসনের আশেপাশে বিজেপির আসন বেঁধে রাখেন নি। অথচ বিগত দুটি লোকসভা নির্বাচনে বিজেপি যথেষ্ট ভালো ফল করেছে। পেয়েছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। কাকলি ঘোষ দস্তিদার, অন্য বিরোধী নেতা-নেত্রীদের মতই, বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা খারিজ করেছেন এবং তাঁর আগাম ঘোষণা এনডিএ জোটে ভাঙ্গন দেখা দেবে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ পেলেই।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৯ সাল -দুটি লোকসভা নির্বাচনে শুধুই বিজেপির শক্তিবৃদ্ধি ও আসন বৃদ্ধি দেখেছে আসমুদ্র হিমাচল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে এক ধাক্কায় আসন ১১৬ থেকে ২৮২ তে টেনে নিয়ে যায় বিজেপি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিজেপি। এনডিএ জোটের অধীনে ছিলেন ৩৩৬ জন সাংসদ।২০১৯ সালে এনডিএ জোটের আসন আরও বেড়ে হয় ৩৫৩। বিজেপির একক আসন ছিল ৩০৩। ২০২৪ সালের বিজেপি নির্বাচনী প্রচারে পাল্টায়নি প্রধানমন্ত্রীর মুখ। নরেন্দ্র মোদি বলছেন এবার ৪০০ পার হবে। কিন্তু বিরোধী নেতা নেত্রীরা এই তত্ব ফুৎকারে উড়িয়ে দিচ্ছেন। বিশেষ করে বিরোধী ইন্ডিয়া ব্লকের নেতা নেত্রীরা।
উল্লেখযোগ্য, এখনও পর্যন্ত স্বাধীনতার পরবর্তী ৭৭ বছরের ইতিহাসে ৪০০ আসন একবারই অতিক্রম করতে পেরেছিল কোনও রাজনৈতিক দল। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরবর্তী লোকসভা নির্বাচনে কংগ্রেস এই অভাবিত সাফল্য দেখায়। সেই ছিল প্রথম ও শেষ নজির। অতঃপর মোদি – অমিত শাহ ম্যাজিক দেখাতে চাইছেন। এতে অশনি সংকেত দেখছেন অনেক রাজনৈতিক নেতা। শরদ পাওয়ারের মতে, মোদির ৪০০ পারের লক্ষ্য সংবিধান পরিবর্তনের স্বপ্নের নামান্তর।
তবে ৪০০ আসন পারের তত্ত্ব খারিজ করে অতি সম্প্রতি রাহুল গান্ধী বলেছেন,১৮০ পার করতে পারবে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জের সুরে বলেছেন, ২০০ পার করে দেখাক বিজেপি।
এখন এটাই সমীকরণ ও এটাই দেখার দক্ষিণ ভারত ও পূর্ব ভারত থেকে কতগুলি আসন পায় বিজেপি। দক্ষিণ ও পূর্বে বিজেপির সাফল্যর উপরে দাঁড়িয়ে রয়েছে দেশ জুড়ে অষ্টাদশ লোকসভা নির্বাচনে মোদির বিজয় রথ কতটা এগোবে।
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলেছেন, ২২০ আসন পার করতে পারবে না বিজেপি। এর কারণ হিসেবে তিনি বলেছেন দক্ষিণ ভারতে কুড়িটি আসন পাবে না বিজেপি।
কাকলি ঘোষ দস্তিদার অবশ্য বিজেপির আসন সংখ্যা রেবন্ত রেড্ডির চেয়ে কিছুটা বাড়িয়ে হিসেব করছেন। তবে রাহুল মমতার মতই কাকলি ঘোষ দস্তিদার মনে করেন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তিনি বলছেন, ২৪০ টি আসন পাবে না বিজেপি। তাঁর মতে,এরফলে এনডিএ-তে ভাঙন ধরবে এবং বিভিন্ন ক্ষুদ্র শক্তি ইন্ডিয়া ব্লকে এসে যোগ দেবে। এখন দেখার মোদি – মমতা – রাহুল -রেবন্ত রেড্ডি নাকি কাকলি ঘোষ দস্তিদার, কার পূর্বাভাস সঠিক প্রমাণিত হয়!


More Stories
ব্রাজিলের জনবহুল এলাকায় আচমকাই ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, পাইলট-সহ বিমানের ৬২ জন যাত্রীর মৃত্যু
অধীর চৌধুরী নিজে ডুবলেন, ইন্ডিয়া জোটকে ডোবালেন, বাঁচালেন এনডিএ ও বঙ্গ বিজেপিকে
INDIA Alliance: সরকার গঠন নয়, আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট