সময় কলকাতা ডেস্ক, ৬ জুনঃ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে। সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা পার করেছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ(NDA)। তবে সরকার গড়ার সংখ্যাগরিষ্ঠতা থেকে ইন্ডিয়া জোটও(INDIA Alliance)খুব একটা পিছিয়ে নেই। ২৩৪ আসন পেয়েছে ইন্ডিয়া জোট। দিল্লির মসনদ তাই এখনও কোনও পক্ষের নয়। সমীকরণ কী হবে, তা নিয়েই বুধবার রুদ্ধদ্বার বৈঠক করে INDIA জোট। লোকসভা ভোটে ভাল ফল করলেও বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সরকার গঠনের জন্য উপযুক্ত সংখ্যা নেই। তাই আপাতত ঐক্যবদ্ধ বিরোধী হিসাবেই সংসদে বসতে চায় ইন্ডিয়া জোট। বুধবার দু ঘণ্টার বৈঠক শেষে এমনটাই ইঙ্গিত দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
এদিন মল্লিকার্জুন খাড়গের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধি, রাহুল গান্ধি, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, এনসিপি প্রধান শরদ পওয়ার, উদ্ধব ঠাকরের শিবসেনার নেতা সঞ্জয় রাউত, সিপিএমের নেতা সীতারাম ইয়েচুরি, আপ নেতা সঞ্জয় সিংহ-সহ জোটের অন্যান্য দলের নেতারা। এ বারের ভোটে একার শক্তিতে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ ৩০০-র গণ্ডিই পেরোতে পারেনি। ফলে বিজেপি-কে শরিক দলগুলির সাহায্য নিতেই হবে। তবে সরকার গঠনের সংখ্যা তাদের হাতে রয়েছে। এনডিএ-র বৈঠকেও স্থির হয়েছে, তারা সরকার গঠনের দাবি জানাবে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের ভাবী মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর সমর্থনে মোদীই প্রধানমন্ত্রী হবেন। সব কিছু ঠিক থাকলে শনিবারই শপথ নিতে পারেন তিনি। এই পরিস্থিতিতে দায়িত্বশীল বিরোধী হিসাবেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ইন্ডিয়া।
এদিন বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘আমাদের শরিদ দলগুলিতে বিপুল সমর্থন দেওয়ার জন্য জনতাকে ধন্যবাদ। জনতার রায় বিজেপিকে মুখের উপর জবাব দিয়েছে। তাদের ঘৃণার রাজনীতি, দুর্নীতি ছুঁড়ে ফেলে দিয়েছে। মূল্যবৃদ্ধি, বেকারত্ব এবং পুঁজিবাদের বিরুদ্ধে এই রায়। এই সমর্থন সংবিধান রক্ষার সপক্ষে। গণতন্ত্র বাঁচানোর সপক্ষে। মানুষ BJP সরকারের শাসনে থাকতে চাইছে না, তা বুঝে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের প্রতিশ্রুতি পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ।’
#INDIAAlliance
#Latestbengalinews
#ইন্ডিয়াজোট
#এনসিপিপ্রধানশরদপওয়ার


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর