Home » ISL Final Mohun Bagan: ইন্ডিয়ান সুপার লিগের মেগাফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি, পরিসংখ্যানের বিচারে এগিয়ে কোন দল?

ISL Final Mohun Bagan: ইন্ডিয়ান সুপার লিগের মেগাফাইনালে মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি, পরিসংখ্যানের বিচারে এগিয়ে কোন দল?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ মে: আর কয়েক ঘণ্টার অপেক্ষামাত্র। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের খেতাবি লড়াই। সম্মুখসমরে মোহনবাগান সুপার জায়ান্টস ও মুম্বই সিটি এফসি । ম্যাচটি হবে কলকাতার যুবভারতীতে। প্রথমবারের জন্য আইএসএলের ফাইনাল উপভোগ করার সুযোগ পাবে কলকাতাবাসী। ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়। 

চলতি মরশুমে ধারাবাহিকভাবে ভাল খেলা দলগুলির মধ্যে রয়েছে এই দুই দল। সেমিফাইনালে মুম্বই সিটি এফসি হারিয়েছে এফসি গোয়াকে। প্রথম পর্বে ৮৯ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে ছিল পিটার ক্রাটকির ছেলেরা। কিন্তু সংযুক্ত সময়ে তিন গোল করে ম্যাচ জিতে নেয়। আর দ্বিতীয় পর্বে ঘরের মাঠে আইল্যান্ডাররা এফসি গোয়কে হারিয়ে দিয়েছে ২-০ ব্যবধানে। দুই পর্ব মিলিয়ে ৫-২ গোলে এফসি গোয়াকে হারিয়েছে মুম্বই। অন্যদিকে মোহনবাগান সেমিফাইনালে হারিয়েছে ওড়িশা এফসিকে। প্রথম পর্বে কলিঙ্গ স্টেডিয়ামে ১-২ গোলে হেরে গিয়েছিল ম্যারিনাররা। সেখান থেকে ঘরের মাঠে ওড়িশাকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে গতবারের আইএসএল ও এ বারের লিগ শিল্ড জয়ীরা। এই দুই দল এবার মুখোমুখি কাপ জয়ের লড়াইয়ে।

আরও পড়ুন: ISL Final: দিমিত্রি পেত্রাতোস নাকি লালরিনজুয়ালা ছাংতে, কোন কোন ফুটবলার বদলে দিতে পারেন আইএসএল ফাইনালের ভাগ্য?

১৮ দিন আগে যুবভারতীতে এই মুম্বই সিটি এফসিকে হারিয়ে লিগ শিল্ড ঘরে তুলেছিল মোহনবাগান। আবার মোহনবাগানের সামনে ট্রফি জয়ের হাতছানি। শুধু আইএসএল নয়, এই ম্যাচ জিতলে ত্রিমুকুট জয়ের হাতছানি রয়েছে আন্তোনিও লোপেজ হাবাসের দলের সামনে। একইসঙ্গে দ্বিতীয় দল হিসেবে একই মরশুমে লিগ শিল্ড ও লিগ জয়ের সুযোগও রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক অতীতে এই দুই দলের সাক্ষাতে কোন পক্ষের পাল্লাভারী…

আরও পড়ুন: T20 World Cup: কাদের হাতে থাকবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলগুলির ভাগ্য, নাম প্রকাশ করল আইসিসি

এটিকের সঙ্গে মোহনবাগানের গাঁটছাড়া বাঁধার পর থেকে দুই দল মুখোমুখি হয়েছে মোট ৯ বার।  মুম্বই সিটি এফসি জিতেছে ৬ বার। সেখানে মোহনবাগান জয় পেয়েছে মাত্র ১ বার। ২ বার ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিত। মোহনবাগান গোল করেছে ৮ টি। মোহনবাগানের বিপক্ষে গোল হয়েছে ১৭ টি। ২০২১ সালে ঘরের মাঠে সবুজ মেরুনকে সর্বাধিক ১-৫ ব্যবধানে হারতে হয়েছিল। শনিবার সেই রেকর্ড কি বদলে দিতে পারবেন পেত্রাতোস, শুভাশিস বসুরা? উত্তর মিলতে অপেক্ষা করতে হবে আরও কিছুক্ষণ।

About Post Author