স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ মে: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের প্রায় প্রতিটি ম্যাচে উপস্থিত থাকেন শাহরুখ খান। যিনি কলকাতার দলের অন্যতম কর্ণধারও। তাকে কেন্দ্র করে মাঠে উপস্থিত সমর্থকদের মধ্যে আলাদা উন্মাদনা থাকে। রবিবার লখনউয়ের একনা আন্তর্জাতিক স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে শাহরুখের দল। গুজব শুরু হয়েছিল যে লখনউতে নিজের দলের ম্যাচে হাজির হতে দেখা যাবে বলিউডের কিং খানকে । যদিও এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে লখনউ পুলিশ। পাশাপাশি বলি তারকাকে নিয়ে গুজব ছড়ানোর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় একটি সতর্কতা জারি করা হয়েছে।
https://twitter.com/lkopolice/status/1786989491426599317
লখনউ পুলিশ তাদের অফিসিয়াল এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডেলে পোস্ট করে গুজবের বিরুদ্ধে সতর্ক করেছে। সেখানে লেখা হয়েছে, “কিছু সমাজ মাধ্যমে ও সংবাদ মাধ্যমে খবর প্রচার করা হচ্ছে যে, শাহরুখ খান রবিবারের আইপিএল ম্যাচে কেকেআর দলকে সমর্থন করতে আসছেন। এ বিষয়ে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি। অপ্রয়োজনীয় গুজব ছড়ানো উচিত নয়। অন্যথায় যারা গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

সম্প্রতি কেকেআরের আইপিএল ম্যাচে ছোট ছেলে আব্রামের সঙ্গে দেখা গিয়েছিল বলিউডের কিং খানকে । দলকে মাঠের বাইরে এখনও তিনিই নেতৃত্ব দেন। আন্দ্রে রাসেল, রিঙ্কু সিংরা ছয় মারলে বা সুনীল নারিন বরুণ চক্রবর্তীরা উইকেট নিলে ভিআইপি বক্সে উচ্ছ্বাস করতে দেখা যায় তাকে। দল চাপে থাকলে চিন্তায় পড়েন বলিউডের বাদশা। আর দল জিতলে তার ভুবন মাতানো হাঁসিই বলে দেয় তিনি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। মাঠে নেমে দলের ক্রিকেটারদের উৎসাহ দেন। তার সঙ্গে একবার সাক্ষাতের জন্য অপেক্ষা করেন তরুণ ক্রিকেটারেরাও। তাদেরকেও নিরাশ করেন না পর্দার কবীর খান। মাঠে উপস্থিত ক্যামেরাম্যানদের কাজ কিছুটা বেড়েই থাকে তিনি মাঠে উপস্থিত হলে।যদিও লখনউ পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে রবিবারের ম্যাচে ভিআইপি বক্সে দেখা যাবে না চাক দে ইন্ডিয়া খ্যাত অভিনেতাকে। এই আবহের মধ্যে আজ সন্ধ্যে ৭.৩০ টায় মুখোমুখি হতে চলেছে কেকেআর বনাম লখনউ সুপার জায়ান্টস।


More Stories
মোহনবাগান আইএফএ শিল্ডের ফাইনালে
ভারতকে প্রশংসায় ভরালেন ব্রাজিল কোচ
অনায়াসে ৪০৬, আর কত বড় টার্গেট চাই টিম ইন্ডিয়ার?