Home » IPL2024: ধর্মশালায় উলটপুরান! বোলারদের দাপটে পঞ্জাবকে ধরাশায়ী করে প্লে-অফের পথে একধাপ এগোল চেন্নাই সুপার কিংস

IPL2024: ধর্মশালায় উলটপুরান! বোলারদের দাপটে পঞ্জাবকে ধরাশায়ী করে প্লে-অফের পথে একধাপ এগোল চেন্নাই সুপার কিংস

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ মে: চলতি আইপিএলে রমরমা চলছে ব্যাটারদের। প্রায় প্রতি ম্যাচেই বাইশ গজে দাপট দেখাচ্ছেন ব্যাটারেরা। তাদের দাপটের সামনে প্রায় অসহায় আত্মসমর্পণ করতে হচ্ছে প্রথম সারির বোলারদেরও। কিন্তু রবিবার দেখা গেল উলটপুরান। ধর্মশালায় চেন্নাই সুপার কিংস ও পঞ্জাব কিংসের ম্যাচে ফারাক গড়ে দিলেন সেই বোলারেরাই। ধর্মশালায় প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৭ রান তুলেছিল চেন্নাই। জবাবে ৯ উইকেটে ১৩৯ রানেই থামতে হয় পঞ্জাবকে । এই জয়ের ফলে ১২ পয়েন্ট পেয়ে এক লাফে তিন নম্বরে উঠে এলেন মহেন্দ্র সিং ধোনিরা।

চলতি আইপিএলে প্রথম ম্যাচের আয়োজন করেছিল ধর্মশালা। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম স্টেডিয়ামে এই ম্যাচ ছিল হলুদ ব্রিগেডের ঘরের মাঠ। এদিন সেই মাঠে টসে জিতে তাদের প্রথমে ব্যাটিং করতে পাঠান পঞ্জাব অধিনায়ক স্যাম কারেন। ওপেন করতে নেমে ব্যর্থ হন অজিঙ্ক রাহানে। আউট হন মাত্র ৯ রান করে। দ্বিতীয় উইকেটে ৫৭ রানের জুটি খেলেন রুতুরাজ গায়কোয়াড় ও ড্যারিল মিচেল। পাওয়ার-প্লে কাজে লাগিয়ে দ্রুত রান তুলছিলেন দুজনে। অষ্টম ওভারে জোড়া উইকেট নিয়ে চেন্নাইকে বড় ধাক্কা দেন রাহুল চাহার। প্রথম ওভারের প্রথম দুই বলে ফেরান রুতুরাজ ও শিবম দুবেকে। ২১ বলে ৩২ রান করে ফেরেন চেন্নাই অধিনায়ক। অন্যদিকে রানের খাতা খুলতে পারেননি শিবম। মিচেল আউট হন ৩০ রান করে। তাকে ফেরান হর্ষল প্যাটেল। এরপর দ্রুত উইকেট হারাতে থাকে চেন্নাই। স্যাম কারেন, রাহুল চাহার, অর্শদীপ সিংদের দাপটে বড় রানের জুটি হচ্ছিল না। চেন্নাইয়ের রান ১৬০ পেরোতে সাহায্য করেন রবীন্দ্র জাদেজা। ৪৩ রান করে শেষ ওভারে অর্শদীপের বলে আউট হন তিনি। পঞ্জাবের হয়ে ৩ টি করে উইকেট নেন রাহুল চাহার ও হর্ষল প্যাটেল। ২ টি উইকেট নেন অর্শদীপ সিং। ১ টি উইকেট পেয়েছেন স্যাম কারেন।

আরও পড়ুন: Shah Rukh Khan: লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে ভিআইপি বক্সে দেখা যাবে কিং খানকে? লখনউ পুলিশের পক্ষ থেকে এল বড় আপডেট

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে জোড়া ধাক্কা খায় পঞ্জাব। তুষার দেশপাণ্ডের ওভারে আউট হন জনি বেয়ারস্ট্রো ও রিলি রুসো। তৃতীয় উইকেটে প্রভসিমরন গিল ও শশাঙ্ক সিং কিছুটা পঞ্জাবকে খেলায় ফেরান। ৫৯ রানের জুটি গড়েন দুজনে। পাওয়ার প্লে-তে দ্রুত রান তুলছিলেন তারা। কিন্তু পাওয়ার-প্লে শেষ হতে স্পিন অ্যাটাকে যায় চেন্নাই। বড় শট খেলতে গিয়ে মিচেল স্যান্টনারের বলে আউট হন শশাঙ্ক। ২৭ রান করে ফেরেন তিনি। পরের ওভারে প্রভসিমরনকে ফেরান রবীন্দ্র জাদেজা। ৩০ রান করেন তিনি। মিডল অর্ডারের তিন ব্যাটার জীতেশ শর্মা, স্যাম কারেন ও আশুতোষ শর্মা রান পাননি। একটা সময় ৬২ রানে ২ উইকেট ছিল পঞ্জাবের। সেখান থেকে ৭৮ রানে ৭ উইকেট পড়ে যায় পঞ্জাবের। চেন্নাইয়ের হয়ে বল হাতে নজর কাড়লেন এই মরসুমে প্রথম বার খেলতে নামা সিমরজিৎ সিং। শেষের দিকে হরপ্রীত ব্রার ও রাহুল চেষ্টা করলেও পঞ্জাবকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানে শেষ হয় পঞ্জাবের ইনিংস। রুতুরাজরা ২৮ রানে ম্যাচ জিতে যায়।

About Post Author