স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ মেঃ ইতিমধ্যে ইন্ডিয়ান সুপার লিগে (Indian Super League) খেলে ফেলেছে বাংলার দুই বড় প্রধান মোহনবাগান সুপার জায়ান্টস (Mohun Bagan Super Giants) ও ইমামী ইস্টবেঙ্গল (Emami East Bengal)। আগামী মরশুমে ISL-এ অংশগ্রহণ করতে চলেছে কলকাতা ময়দানের আর এক বড় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। এবারের আই লিগ জয়ী দল তারা। ফলে দলের অন্দরে রয়েছে বাড়তি উন্মাদনা। ISL-এর জন্য বেশির ভাগ দলই তাদের বেঞ্চ গুছিয়ে ফেলেছে। এবার সেই তালিকায় যোগ দিল মহামেডানও। ইতিমধ্যে তাদের কোর ভারতীয় স্কোয়াড ধরে রাখতে সক্ষম হয়েছে সাদা-কালো বাহিনী। এবার তাঁদের লক্ষ্য বিদেশী ফুটবলারদের দিকে।

জানা গিয়েছে, ২৯ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকা ফ্রাঙ্কা ফ্রেইসের সঙ্গে যোগাযোগ করেন মহামেডান কর্তারা। মনে করা হচ্ছে সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী মরশুমে সাদা-কালো জার্সী গায়ে মাঠে নামতে চলেছেন এই রাইট উইঙ্গার। বর্তমানে তাঁর মার্কেট ভ্যালু ৬ কোটি টাকা। শেষ মরশুমে তিনি খেলেছেন বুলগেরিয়ার প্রথম টায়ারের লিগ এফবেট লিগার দল লোকোমোটিভ সোফিয়ার হয়ে। তার আগে ব্রাজিলের বিভিন্ন ক্লাবের হয়ে খেলতে দেখা গিয়েছে ৫ ফুট ৮ ইঞ্চির ফুটবলারটি। কমার্শিয়াল, ক্রুজেরো-সহ একাধিক ক্লাব রয়েছে সেই তালিকায়।
তবে শেষ দুই বছরে তিনি খেলেছেন বুলগেরিয়ার লিগে। লকোমোটিভের হয়ে ৫৬ টি ম্যাচ খেলেছেন। করেছেন ৮টি গোল। রাইট উইং পজিশন ছাড়াও ফ্রাঙ্কা অ্যাটাকিং মিডফিল্ডে খেলতেও পারদর্শী। গোল করার পাশাপাশি সতীর্থ ফুটবলারকে দিয়ে গোল করাতেও দক্ষ ফ্রাঙ্কো। ফুটবল মস্তিষ্কের কারণে বিপক্ষের রক্ষণে ত্রাসের সঞ্চার করেন। বল কন্ট্রোল, পাসিং সেন্সের কারণে জনপ্রিয় এই ফুটবলার। নতুন পরিবেশে নিজেকে কতটা মানিয়ে নিতে পারেন সেটাই এখন দেখার।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক