Home » প্রিয় সুনীল ভাইকে সম্মান জানাতে চান ছাংতে

প্রিয় সুনীল ভাইকে সম্মান জানাতে চান ছাংতে

সময় কলকাতা ডেস্ক, ৩১ মেঃ  শুরু হয়ে গিয়েছে ভারতীয় ফুটবলে একটি অধ্যায়ের পরিসমাপ্তির কাউন্টডাউন। আগামী ৬ জুন দেশের হয়ে শেষবারের মত মাঠে নামতে চলেছেন সুনীল ছেত্রী। তার প্রিয় মাঠ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। বিশ্বতাপের যোগ্যতা অর্জন পর্বের সেই ম্যাচে সুনীলদের প্রতিপক্ষ কুয়েত। প্রায় দুই দশক দেশের হয়ে ফুটবল মাঠে রাজত্ব করার পর নিজের জাতীয় দলের জার্সি তুলে রাখবেন ভারতীয় ফুটবলের পোস্টার বয়। সুনীলের শেষ ম্যাচের আগে আবেগপ্রবণ লালিয়ানজুয়ালা ছাংতে। ২০১৫ সালে সুনীল ছেত্রীর অধিনায়কত্বে জাতীয় দলে অভিষেক হয় লালিয়ানজুয়ালা ছাংতের। সেই দিনের কথা আজও মনে রয়েছে তার। তিনি জানিয়েছেন, “ভারতীয় দলে আমার অভিষেক হয় ২০১৫ সালে। তখন সুনীল ভাই আমাকে যে ভাবে কাছে ডেকে নিয়েছিল, তা কখনওই ভুলতে পারব না। আমরা সবাই প্রিয় সুনীল ভাইকে ভালবাসি ও শ্রদ্ধা করি। সারাজীবন ওর কাছে কৃতজ্ঞ থাকব।” বর্তমানে দেশের অন্যতম তারকা ফুটবলারের নাম লালরিনজুয়ালা ছাংতে।

আরও পড়ুন  সাকোয়াঝোরা নামেই উপস্বাস্থ্য কেন্দ্র,জল থইথই , পার্থেনিয়ামের অবাধ বংশবিস্তার!

তার কথাতেই স্পষ্ট, সুনীল তরুণ ফুটবলারদের কাছে অভিভাবক ছিলেন। কুয়েতের বিরুদ্ধে ম্যাচ খেলতে ইতিমধ্যে কলকাতায় পা রেখেছেন সুনীল ছাংতেরা। বৃহস্পতিবার সন্ধেয় নিউ টাউনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের উৎকর্ষ কেন্দ্রে অনুশীলন করেন তারা। অনুশীলন শুরুর আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথাগুলি বলেন ছাংতে।

তিনি আরও জানিয়েছেন, “আমি সুনীল ভাইয়ের দেওয়া পরামর্শগুলি মেনে চলার চেষ্টা করি। ও বলেছিল সাফল্য পেতে গেলে খেলাটাকে উপভোগ করতে হবে। নিজের কথা মন দিয়ে শুনতে হবে।” সুনীলের অবর্তমানে তার শূন্যস্থান কে পূরণ করবে? এই প্রশ্নের উত্তরে ছাংতে বলেন, “সুনীল ভাইয়ের শূন্যস্থান পূরণ করা অসম্ভব। তবে দলের যদি প্রয়োজন হয়, আমি সেন্টার ফরোয়ার্ডে খেলতে তৈরি আছি। কিন্তু আমার উচ্চতা নিয়ে সমস্যা হতে পারে।’’ কুয়েত ম্যাচে জয়কেই পাখির চোখ করছেন আইএফএফের বর্ষসেরা ফুটবলার। কুয়েতকে হারাতে পারলে প্রতিযোগিচতায় কিছুটা অক্সিজেন পাবে ইগর স্টিমাচের ছেলেরা। পাশাপাশি সুনীল ভাইকে সম্মান জানানোর জন্য ম্যাচটা জিততে চান লালিয়ানজুয়ালা ছাংতে। আর চান শেষ ম্যাচে সুনীলকে গোলের বলটা বাড়াতে।

About Post Author