Home » বসিরহাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য বিজয়ী কে?

বসিরহাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য বিজয়ী কে?

সময় কলকাতা ডেস্ক, ২ জুন : ভোট, ভোট, ভোট। লোকসভা ভোটপর্ব শেষ। এখন ফলের প্রতীক্ষা। মঙ্গলবার দিনটি কোন প্রার্থীর পক্ষে মঙ্গলময় হয়ে ওঠে, কার পক্ষে অমঙ্গলের হয়ে ওঠে তা দেখার। যদিও যা হওয়ার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সপ্তম দফার নির্বাচনে দেশ ও রাজ্যের চোখ ছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের দিকে। জিতবে কে? বসিরহাট লোকসভা কেন্দ্রে সম্ভাব্য বিজয়ী কে ?

ভোটপর্ব জুড়ে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিভিন্ন এলাকা শনিবার সারাদিন ধরেই ছিল উত্তেজনা মুখর । পাশাপাশি একথাও উল্লেখ করা দরকার, বসিরহাট জুড়ে ভোটদান হয়েছে যথেষ্ট মাত্রায়। বিকেল ৫ টা পর্যন্ত বঙ্গের ৯ টি লোকসভা কেন্দ্রের মধ্যে বসিরহাটে সর্বোচ্চ ভোট পড়ে যায় যা ছিল ৭৬. ৫৬ শতাংশ। তবে ঝামেলাও হয়েছে দিনভর।সন্দেশখালি চুচুরা কাছারিপাড়ার ২৫ নম্বর বুথের কাছে বিজেপি -তৃণমূল সংঘর্ষের জেরে ৫ বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এরপরেই অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকার পরিস্থিতি।গ্রেফতার হওয়া কর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে বাসন্তী হাইওয়ে অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট-পাথর বৃষ্টি। এরকম ঘটনা একাধিকবার সামনে এসেছে। কোথাও ইঁটবৃষ্টি কোথাও অবরোধ।বিকেলের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি চলে সরবেড়িয়া আগারহাটি গ্রাম পঞ্চায়েতের সুন্দরখালি গ্রামে। সন্ধ্যার পরে সন্দেশখালি বয়ারমারীর কলকাতা বাসন্তী হাইওয়ে চুঁচুড়া এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের অবরোধ ওঠে। একদিকে বসিরহাটের ঝামেলায় একাধিক জায়গায় বিজেপির প্রার্থী রেখা পাত্র ছুটে যান। পুলিশকে লক্ষ্য করে হুমকি দিতেও দেখা গিয়েছে তাঁকে। আবার, অন্যদিকে দলের মধ্যেও তার বিরুদ্ধে ক্ষোভ দেখা গিয়েছে। বয়ারমারীর বিক্ষোভকারীরা আবার বলেন, রেখা পাত্র তাদের সঙ্গে কথাই বলেননি। অবশ্য তৃণমূলের তরফ থেকে ক্ষোভবিক্ষোভের সেরকম ছবি ফুটে ওঠে নি। এরকম ছিল ভোটের বহিরঙ্গ। এবার আসা যাক ভোটের সম্ভাব্য ফলাফলে।

ইতিমধ্যেই বিভিন্ন গণমাধ্যম ঘটা করে দেশজুড়ে ও রাজ্যজুড়ে কি হবে ও কোথায় কে জিতবে তার জন্য “বুথ ফেরত সমীক্ষার” ফল সামনে এনেছে। রাজ্যের সমীক্ষায় তৃণমূলকে কিছুটা হলেও পিছিয়ে রাখা হয়েছে। তৃণমূলকে ১৩ থেকে ২০ টি আসন দেওয়া হয়েছে। সময় কলকাতা এরকম কোনও সমীক্ষা না করলেও সময় কলকাতার কুর্শির লড়াইয়ে বসিরহাট কেন্দ্রে জয়ের সম্ভাবনায় এগিয়ে রাখা হয়েছিল তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামকে। বিগত লোকসভা নির্বাচনে সাড়ে তিন লক্ষ ভোটে জয়ী হওয়া তৃণমূলকে বসিরহাটের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালির নির্যাতিতা মুখ রেখা পাত্র সার্বিকভাবে প্রতিরোধ করতে পারবেন না বলেই আভাস ছিল । মনে করা হয়েছিল অত্যন্ত বিক্ষিপ্ত ভাবে দাগ কাটতে চলেছেন আইএসএফ বা বামেরা। ভোটের পরেও ভোটের হাওয়া বসিরহাটের সাতটি বিধানসভা কেন্দ্র জুড়ে তৃণমূলের পক্ষেই বইছে বলেই আপাতত দৃষ্টিতে মনে হয়েছে । ভোটের দিন ঘটনাপ্রবাহ বসিরহাটে যেদিকে ঘুরেছে তা থেকে অনেকটাই পরিষ্কার বিজেপির সন্দেশখালির ঝড় অন্তত বসিরহাট কেন্দ্রে ওঠে নি। বসিরহাট কেন্দ্রে তৃণমূলকে হারিয়ে জয়লাভ করা বিজেপির কাছে ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও সম্ভবত স্বপ্ন হয়ে থেকে যেতে চলেছে।।

আরও পড়ুন বালেশ্বর ট্রেন দুর্ঘটনার বর্ষপূর্তির দিনে পাঞ্জাবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

About Post Author