Home » lok sabha election 2024: বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ

lok sabha election 2024: বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সন্দেশখালি, তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ

সময় কলকাতা ডেস্ক, ১ জুনঃ দেশজুড়ে চলছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ন’টি লোকসভা আসনে চলছে গণতন্ত্রের উৎসব। লোকসভা কেন্দ্রগুলি হল- দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ। সবকটি বুথই কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে। সকাল থেকেই দমদম, বালিগঞ্জ,বরানগর, মথুরাপুর ভাঙড়, সন্দেশখালি, বারাসত, থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। সপ্তম দফার ভোটে বাংলায় দুপুর ১টা পর্যন্ত মোট ১৮৯৯টি অভিযোগ জমা পড়েছে কমিশনে। শেষ পর্যায়ের ভোটে সকাল থেকেই বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালি। অশান্তির সময় তিন রাউন্ড গুলি চালানোরও অভিযোগ উঠেছে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত তৃণমূলের অঞ্চল সভাপতি নলিনী খাটুয়া-সহ দু’জন। সংঘর্ষে রামকিঙ্কর জানা নামেও এক বিজেপি কর্মী আহত হয়েছেন। আহতদের হাটগাছি পিএইচসি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা চলছে। এলাকায় ব্যাপক উত্তেজনা। অন্যদিকে, সন্দেশখালির আগারহাটিতে স্কুলের কাছে এক তৃণমূল সমর্থকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। বোমার আওয়াজ শুনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। এই ঘটনায় এখনও অবধি একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন   Lok Sabha Election 2024: রাজ্যে নয় কেন্দ্রে চলছে সপ্তম দফার ভোটগ্রহণ, দফায় দফায় অশান্তি দমদম-বালিগঞ্জ-বরানগরে, উত্তপ্ত মথুরাপুর

এদিকে, সকাল থেকেই আইএসএফ- তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত বারাসাত লোকসভা কেন্দ্র। বারাসাতের অশোকনগরের বাঁকপুল চাক এলাকার ৭৩ নম্বর বুথের কাছে একে অপরের দিকে ইট ছোড়ার অভিযোগ উঠস আইএসএফ এবং তৃণমূল কর্মী-সমর্থকেদের বিরুদ্ধে।
অন্যদিকে, দক্ষিণ দমদম পুরসভার ১ নম্বর ওয়ার্ডে বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল নেতা প্রবীর পালের নেতৃত্বেই মূলত এই বামলা চালানো হয় বলে অভিযোগ।

বরানগর পুরসভার ১০২ নং বুথ থেকে এক ভুয়ো ভোটারকে গ্রেফতার করল পুলিশ। বিজেপি প্রার্থী সজল ঘোষ যখন ভোট কেন্দ্রের ওই বুথে গিয়ে পৌঁছান, তখন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় রাজ্য পুলিশের হাতে সেই ভুয়ো ভোটারকে তুলে দেওয়া হয়। এরপর বরানগর থানার পুলিশের সেই ভুয়ো ভোটারকে গ্রেফতার করে।

#loksabhaelection2024

#latestebngalinews

About Post Author