স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ জুনঃ প্রায় একযুগ পর বিশ্বকাপের মঞ্চে দেখা গেল সুপার ওভার। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় ম্যাচের নিষ্পত্তি হল সুপার ওভারে। রবিবার বার্বাডোজের কেনসিংটন ওভালে মুখোমুখি হয়েছিল নামিবিয়া ও ওমান। হাড্ডাহাড্ডি ম্যাচে ৪০ ওভার শেষও দুই দলকে আলাদা করা যায়নি। ফলে ম্যাচ গড়ায় সুপার ওভারে । সেখানে ওমানকে হারিয়ে শেষ হাসি হাসল নামিবিয়া। অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের দলের হয়ে জয় ছিনিয়ে আনলেন ডেভিড উইজা।

বার্বাডোজে টসে জিতে ওমানকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন নামিবিয়ার অধিনায়ক। তাঁর সিদ্ধান্তের প্রতি সুবিচার করেন দলের পেসার রুবেন ট্রেম্পেলম্যান। ম্যাচের প্রথম দুই বলে ফেরান ওমানের দুই ব্যাটারকে। তাঁর দাপটে রানের খাতা না খুলেই ডাগআউটে ফিরতে হয় কাশ্যপ প্রজাপতি এবং ওমানের অধিনায়ক আকিব ইলিয়াসকে। দ্বিতীয় ওভারে বিপক্ষের আর এক ওপেনার নাসিম খুশিকেও ফেরান রুবেন। ১০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ওমান। মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন জিশান মাকসুদ ও খালিদ কাইল। চার নম্বরে নেমে ২২ রান করেন জিশান। খালিদের ব্যাট থেকে আসে ৩৪ রান। তাদের ব্যাট থেকে এই রান না আসলে তিন অঙ্কের রান করতে পারত না ওমান। শেষ পর্যন্ত নির্ধারিত ১৯.৪ ওভারে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস। নামিবিয়ার সফলতম বোলার রুবেন ট্রেম্পেলম্যান। ৪ ওভারে ২১ রান দিয়ে নিলেন ৪ উইকেট। অভিজ্ঞ উইজাও পেলেন ৩ টি উইকেট।
একটা সময় মনে হচ্ছিল নামিবিয়ার জয় স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু কম রানের লক্ষ দিয়েও লড়াই চালিয়ে যায় ওমান। প্রথম ওভারের দ্বিতীয় বলে নামিবিয়ার ওপেনার মাইকেল ভ্যান লিংলেনকে শূন্য রানে ফেরান বিলাল খান। তবে সেই ধাক্কা দ্রুত সামলিয়ে নেয় তারা। দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন নিকোলাস ডেভিন ও জ্যান ফ্রাইলিঙ্ক। স্কোরবোর্ডে ৪২ রান যোগ করেন তারা। ডেভিনের ব্যাট থেকে আসে ২৪ রান। ফ্রাইলিঙ্কের অবদান ৪৫ রান। কিন্তু দুজনেই মন্থর ব্যাটিং করায় চাপ বাড়ছিল নামিবিয়ার। অধিনায়ক ইরাসমাস ১৩ রান করতে খরচ করলেন ১৬ টি বল। দলের একজন ব্যাটারো হাত খুলে ব্যাটিং করতে পারলেন না। বার্বাডোজের এই দিনটি ছিল বোলারদের দখলে। শেষ ওভারে ৫ রান দরকার থাকলেও সেই রান ডেভিড উইজাকে তুলতে দেননি ওমানের বোলার মেহরান খান। ২০ ওভার শেষ ৬ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে নামিবিয়া। খেলা গড়ায় সুপার ওভারে।
আরও পড়ুনঃ পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৫ উইকেটে জয় ওয়েস্টইন্ডিজের
সেখানে প্রথমে ব্যাট করার সুযোগ পায় নামিবিয়া। যেই দল ২০ ওভারে ১০৯ রান তুলতে হিমশিম খেয়ে যায়। তারা সুপার ওভারে তোলে ২১ রান। উইজা ও এরাসমাস জুটি ব্যাট থেকে আসে তিনটি চার ও একটি ছয়। ২২ রান তাড়া করতে নেমে উইজার বোলিংয়ের সামনে ১০ রানেই থামতে হয় ওমানকে। সুপার ওভারে ম্যাচ জিতেই মাঠ ছাড়ে নামিবিয়া।


More Stories
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী