স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ জুনঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল প্রতিযোগিতার অন্যতম আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। রবিবার গুয়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে উগান্ডাকে বড় ব্যবধানে উড়িয়ে দিল তারা। গ্রুপ সি-র ম্যাচে আন্দ্রে রাসেলরা জিতলেন ১৩৪ রানে।প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেচ হারিয়ে ১৭৩ রান তোলে উইন্ডিজ ব্রিগেড। জবাবে ১২ ওভারে ৩৯ রানে গুটিয়ে যায় উগান্ডার ইনিংসে। বিশ্বকাপে নবাগত উগান্ডার ব্যাটারদের নিয়ে ছেলেখেলা করলেন উইন্ডিজ বোলাররা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন উইন্ডি়জ অধিনায়ক রোভমান পাওয়েল। ইনিংসের শুরু থেকে চালিয়ে খেলতে থাকেন দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জনসন চার্লস। পাওয়ার প্লে-কে কাজে লাগিয়ে রান তুলছিলেন দুজনে। কিন্তু বড় রান করতে পারেননি কিং। ৮ বলে ১৩ রান করে তিনি আউট হন। কিং ফিরতে রানের গতিও কিছুটা কমে। তিন নম্বরে নেমে নিকোলাস পুরান করলেন ১৭ বলে ২২ রান। দলের অন্য ওপেনার চার্লস ৪৪ রান করতে খেললেন ৪২ বল। অধিনায়ক পাওয়েলের ব্যাট থেকে এল ১৮ বলে ২৩ রান। শার্ফেন রাদারফোর্ড শুরুটা ভাল করেও বড় রান পেলেন না। ১৬ বলে ২২ করে আউট হন তিনি। শেষ পর্যন্ত আন্দ্রে রাসেলের ১৭ বলে ৩০ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে ১৭৩ রান করে উইন্ডিজ শিবির। উগান্ডার হয়ে ব্রায়ান মাসাবা ৩১ রান দিয়ে ৪ উইকেট নিয়ে নজর কাড়লেন।
আরও পড়ুনঃ T20 World Cup 2024: রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকে উইকেট হারাতে থাকে উগান্ডা। উইন্ডিজ বোলিং আক্রমণের সামনে কোনও প্রতিরোধই গড়তে পারলেন না উগান্ডার ব্যাটারেরা। মাত্র ১২ ওভারে ৩৯ রানেই শেষ হয়ে গেল তাদের ইনিংস। দলের হয়ে মাত্র একজন ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করলেন। ২০ বলে অপরাজিত ১৩ রানের ইনিংস খেললেন নয় নম্বরে ব্যাট করতে নামা জুমা মিয়াগি। না হলে আরও লজ্জার সম্মুখীন হতে হত উগান্ডাকে। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান রবিনসন ওবুয়ার। ৮ বলে ৬ রান করেন তিনি। উগান্ডার ইনিংসে ব্যাটারেরা চার মেরেছে ৩টি। ছয় মারতে পারেনি কোনও ব্যাটার। উইন্ডিজ শিবিরের হয়ে একাই ৫ উইকেট নিলেন আকেল হোসেন। ৪ ওভারে তিনি খরচ করেন ১১ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা বোলিং ফিগার। হোসেন ছাড়া আলজারি জোসেফ নিলেন ২ উইকেট। একটি করে উইকেট পেয়েছেন শেফার্ড, গুদাকেশ মোতি ও রাসেল। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আকেল হোসেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার