Home » Kolaghat Fire Crackers Factory Blast: কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

Kolaghat Fire Crackers Factory Blast: কোলাঘাটে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ

সময় কলকাতা ডেস্ক: ১০ জুনঃ এগরার খাদিকুলের স্মৃতি ফিরল কোলাঘাটে। ফের বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। জখম একাধিক। বিস্ফোরণের অভিঘাতে উড়ে গিয়েছে আস্ত বাড়ি। রবিবার রাত দশটা নাগাদ কোলাঘাটের পয়াগ গ্রামের একটি বেআইনি বাজি কারখানায় ভয়াবহ আগুন লাগে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতেও বেগ পেতে হয় দমকল কর্মীদের। তবে, ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এখন অবধি কেউ মারা যাননি।

আরও পড়ুন   টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন বাবর আজম, প্রথম ওভারে স্বমহিমায় রোহিত

জানা গিয়েছে এদিন রাত দশটা নাগাদ কোলাঘাটের পয়াগ গ্রামের বাসিন্দা আনন্দ মাইতির বাড়ি থেকে বীভৎস আওয়াজ পাওয়া যায়। বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন আশেপাশের লোকজন। তাঁরা দেখেন দাউদাউ করে ওই বাড়িটিতে আগুন জ্বলছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকাজুড়ে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল ও পুলিশকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। দমকল বাহিনী এবং স্থানীয়দের সহায়তায় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে আনন্দ মাইতির গোটা বাড়ি। ভেঙে গিয়েছে বাড়িটির একাংশ। অন্যদিকে, আশপাশের ৪-৫টি বাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনও বাড়ির জানলা ভেঙে গিয়েছে , কোনও বাড়ির দরজা। স্থানীয়দের অভিযোগ, এখানে দীর্ঘদিন ধরে অবৈধ বাজি কারখানা রয়েছে। তা সত্ত্বেও পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। রবিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে সোমবারও এখনও থমথমে কোলাঘাটের পয়াগ গ্রাম। ইতিমধ্যেই পুলিশ ওই ক্ষতিগ্রস্ত এলাকাটি ঘিরে রেখেছে।

উল্লেখ্য, গত বছরের মে মাসে পূর্ব মেদিনীপুরের খাদিকুলে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বাজি কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কোলাঘাটের পয়াগ গ্রামের বাজি কারখানায় বিস্ফোরণ। গ্রামে বেআইনি বাজি কারখানা রুখতে একাধিক পদক্ষেপও নেওয়া হয় বলেই দাবি স্থানীয় প্রশাসনের। তা সত্ত্বেও কীভাবে ফের এমন বেআইনি কারখানা গজিয়ে উঠল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

#KolaghatFireCrackersFactoryBlast

#Latestbengalinews

About Post Author