Home » মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম সহ সমগ্র উত্তরবঙ্গ, বন্ধ কালিম্পং-দার্জিলিং সড়ক, মঙ্গনে হড়পা বানে নিখোঁজ ৫

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম সহ সমগ্র উত্তরবঙ্গ, বন্ধ কালিম্পং-দার্জিলিং সড়ক, মঙ্গনে হড়পা বানে নিখোঁজ ৫

সময় কলকাতা ডেস্ক: ১৪ জুনঃ বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত সিকিম সহ সমগ্র উত্তরবঙ্গ। বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত সিকিম। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে তিস্তায় তৈরি হয়েছে হরপা বান। বৃহস্পতিবার মঙ্গন এলাকায় হড়পা বানে ৫ জন ভেসে যাওয়ার খবর মিলেছিল। সন্ধে পর্যন্ত তাঁদের কারও খোঁজ মেলেনি। একইভাবে ধসে গেইথাং, নামপাথাং এলাকাতেও বেশ কয়েকজন নিখোঁজ। জানা গিয়েছে, বিপর্যয়ে এখনও পর্যন্ত অন্তত ৬জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন এলাকায় আটকে রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। মঙ্গনের জেলাশাসক হেম কুমার ছেত্রী জানান, পাকশেপ এবং আম্বিথাং গ্রামে তিনজন করে মৃত্যু হয়েছে। গেইথাং ও নামপাথাং-এ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীনদের জন্য পাকশেপে একটি ত্রাণ শিবির খোলা হয়েছে। আরও ৩-৪ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

আরও পড়ুন   PM Modi in G7 Meeting: ‘বন্ধু’ মেলোনির আমন্ত্রণে G7 সামিটে যোগ দিতে ইতালি পৌঁছলেন মোদি, একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

শুক্রবার উত্তরের তিন জেলা-কালিম্পঙ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে লাল সতর্কতা জারি করা হয়েছে। সিকিম-ভুটানের বৃষ্টিতে ডুবতে পারে উত্তরের সমতল। সিকিমে আরও ধস নামতে পারে, বিপাকে পড়তে পারেন কয়েক হাজার পর্যটক। তিস্তার পাশাপাশি জল বাড়ছে অন্য নদীগুলিতেও। বৃহস্পতিবার রাতেও সিকিম সহ দার্জিলিং পাহাড়ের বিভিন্ন অংশে ভারী বৃষ্টি হয়। তারপরেই পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে ওঠে। বিপর্যস্ত ১০ নম্বর জাতীয় সড়ক। তিস্তা বাজারের কাছে কালিম্পং থেকে দার্জিলিং যাওয়ার রাস্তা বিপদজনক হয়ে ওঠায় রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রশাসন। ইতিমধ্যেই জলে ডুবেছে বেশ কিছু এলাকা। বিভিন্ন জায়গায় রাস্তার উপর তিস্তার জল চলে এসেছে। তিস্তার চরে বিপদজনক অবস্থায় রয়েছে বেশ কিছু বাড়ি। বাসিন্দাদের ইতিমধ্যেই নিরাপদ জায়গায় সরানোর কাজ শুরু করেছে প্রশাসন।

প্রস্তুত রাখা হয়েছে সিভিল ডিফেন্স এবং এনডিআরএফ এর দলকে। জানা যাচ্ছে, ধস নেমে সেতু ভেঙে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে লাচুং, লাচেন-সহ সিকিমের বহু এলাকার সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে উদ্ধারকাজেও বেগ পেতে হচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং দুর্গতদের সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রসঙ্গত, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং সহ একাধিক জেলায় বিগত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। সিকিমও প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত। ফুঁসছে তিস্তা নদী। ধসের কারণে অবরুদ্ধ একাধিক রাস্তাঘাট। গাড়ি চলাচল বন্ধ তো হয়েছেই, আটকে পড়েছেন বহু পর্যটকও। ভারী বৃষ্টিপাতের জেরে বুধবার রাত থেকে সিকিমের বাকি এলাকা থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে মঙ্গন, গেইথাং, নামপাথাং।

About Post Author