Home » দুই আয়োজক দেশের বিদায়, বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড

দুই আয়োজক দেশের বিদায়, বিশ্বকাপ সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড

সময় কলকাতা ডেস্ক, ২৪ জুন : একই দিনে টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক দেশের বিদায়। রুদ্ধশ্বাস ম্যাচে বোলারদের অলরাউন্ড পারফরমেন্সে ভর করে ওয়েস্টইন্ডিজকে হারিয়ে বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গেল দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি, দিনের প্রথম ম্যাচ যা কিনা ভারতীয় সময়ে রবিবার রাতের ম্যাচ অনায়াসে জিতে নেয় ইংল্যান্ড। সুপার এইটের গ্ৰুপ টু থেকে তাদের তৃতীয় ম্যাচে আমেরিকাকে দশ ওভারের মধ্যে দশ উইকেটে হারিয়ে ইংল্যান্ড  কার্যত পৌঁছে যায় সেমিফাইনালে। কারণ পরবর্তী ম্যাচে মুখোমুখি হওয়া দুটি দল  দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের চেয়ে তাদের  নেট রান রেট ছিল ভালো।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়েস্টইন্ডিজ ম্যাচে দক্ষিণ আফ্রিকা টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রাথমিক বিপর্যয় সামলে কুড়ি ওভারে ৮ উইকেটে ১৩৫ রান তোলে ওয়েস্টইন্ডিজ। সর্বোচ্চ রান করেন রোস্টন চেজ। তিনি ৪২ বলে ৫২ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে সবচেয়ে তাবরেজ সামসি। তিনি ২৭ রানে তিন উইকেট পান। পাল্টা ব্যাট করতে নেমে রাসেলের দ্বিতীয় ওভারেই দুই ওপেনারকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপরেই নামে বৃষ্টি। ডিএলএস নিয়মে বৃষ্টির পরে খেলা শুরু হলে  ম্যাচ ১৭ ওভারে কমিয়ে আনা হয়। দক্ষিণ আফ্রিকাকে জিততে হলে ১২৩ রান করতে হত। রানের গতি সচল রাখলেও নিয়মিত ব্যবধানে উইকেট খোয়াতে থাকে দক্ষিণ আফ্রিকা এবং ম্যাচ হয়ে ওঠে উপভোগ্য। চেজের স্পিনে দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ভেঙে পড়ে।শেষ সাত বলে প্রয়োজন ছিল ৯ রানের। বিশেষজ্ঞ কোন ব্যাটসম্যান ক্রিজে ছিলেন না।  ১৬তম ওভারের শেষ বলে রাবাদা বাউন্ডারি মারেন। ১৭ তম ওভারে ম্যাকয় বল করতে আসেন। প্রথম বলেই ওভার বাউন্ডারি মেরে মার্কো জেনসেন দক্ষিণ আফ্রিকার জয় এনে দেন।

দক্ষিণ আফ্রিকার জয় তাদের গ্রুপ টু তে শীর্ষে এনে দেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে  নিজেদের জয়ের ধারা  এবং অপরাজিত থাকার রেকর্ড এখনও অক্ষুন্ন রেখেছে দক্ষিণ আফ্রিকা। সেমি ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হতে চলেছে আফগানিস্তান অথবা অস্ট্রেলিয়া যা মঙ্গলবার পরিষ্কার হয়ে যাবে।।

আরও পড়ুন UEFA Euro 2024 : রোনাল্ডোর নজির, ইউরোতে জয় পর্তুগালের

About Post Author