Home » UEFA Euro Cup 2024 : পর্তুগালকে হারিয়ে জর্জিয়ার ইউরো বিপ্লব

UEFA Euro Cup 2024 : পর্তুগালকে হারিয়ে জর্জিয়ার ইউরো বিপ্লব

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা, ২৭ জুন :   ১৯৯১ সালের সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে ভেঙে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল  জর্জিয়া। লোকসংখ্যাই কতই আর বা! মেরেকেটে ৩৭-৩৮ লাখ।  ফুটবল এই প্রথম কোনও বড় টুর্নামেন্ট খেলে একলাফে বড় কিছু করে দেখাতে তারা চেয়েছিল। বছর আটেক আগে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচে  স্পেনের বিরুদ্ধে তারা চমকপ্রদ ফুটবল খেলে। কিন্তু প্রতিযোগিতা মূলক খেলা সেভাবে সাফল্য ছিল না। এবারের ইউরো  কোয়ালিফাইং  স্টেজেও জর্জিয়া একমাত্র সাইপ্রাস ছাড়া কাউকে হারাতে পারে নি। অথচ এবারের ইউরোতে তাদের পারফরমেন্স অসাধারণ। বৃহস্পতিবার রাতে জর্জিয়া এমন দুর্দান্ত ফুটবল উপহার দিল যে এবার ইউরোতে বড় একটি অঘটন দেখল ফুটবল বিশ্ব। পর্তুগালকে ২-০ গোলে হারিয়ে জর্জিয়া রীতিমতো চমকে দিল। বেলজিয়ামের পরাজয়ের চেয়েও পর্তুগালের হার কে বড় অঘটন মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা।

এবার ইউরো কাপে প্রতিটি ম্যাচেই জর্জিয়ার পারফরম্যান্স আশাতীত ভালো। তুরস্ক তাদের ৩-১ গোলে হারালেও শেষ মুহূর্তে গোল শোধ করতে গিয়ে সবাই বিপক্ষের সীমানায় উঠে আসায় একটি অনাবশ্যক গোল হজম করতে হয় জর্জিয়াকে।চেকিয়া বা চেক প্রজাতন্ত্রকে তারা প্রায় হারিয়ে দিচ্ছিল। এক পয়েন্ট পেয়ে তাদের সন্তুষ্ট থাকতে হয়। বৃহস্পতিবার  তাদের ফুটবল ইতিহাসের স্মরণীয়তম দিন হয়েই থাকবে। পর্তুগাল  আগেই রাউন্ড অফ সিক্সটিন বা নকআউট পর্বে কোয়ালিফাই করে যাওয়ায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বাদে নামী তারকাদের মাঠে নামায় নি। পেপে, বারনাডো সিলভা,ব্রুনো ফার্নান্ডেজ সহ প্রথম একাদশের  অনেকেই বিশ্রাম দেন  কোচ রবারতো মার্টিনেজ। নতুনরা অনেকেই মানিয়ে উঠতে পারেন নি এদিন।  ডিফেন্সে কুড়ি বছর বয়সী অ্যান্টনিও সিলভা এদিন ডোবান, তাঁর ভুলে দুটি গোল  হজম করে পর্তুগাল । তবে কে ছিলেন বা ছিলেন না তা দিয়ে জর্জি আর কৃতিত্বকে ছোট করা সম্ভব নয়। সারাক্ষণ তারা প্রেসিং ফুটবল খেলে গেছে। ভুল করতে বাধ্য করেছে শক্তিধর বিপক্ষকে। ভারাতস্কেলিয়া খেলার শুরুতেই সামান্য মিসপাসের সুযোগে সতীর্থের বাড়ানো বল পেয়ে  গোল করে দলকে এগিয়ে দেন। মিকাওতাদজে দ্বিতীয়ার্ধের ১২ মিনিটে পেনাল্টি থেকে  ব্যবধান বাড়ান। আগের ম্যাচেও তিনি পেনাল্টিতে গোল পেয়েছিলেন। বলের দখল পর্তুগালের বেশি থাকলেও  খেলায় অনেক বেশি পজেটিভ চান্স বা গোলের সুযোগ তৈরি করেছিল জর্জিয়া। পর্তুগাল গোলের বেশ কিছু সুযোগ তৈরি করলেও  কাউন্টার ভিত্তিক আক্রমণ গড়ায় দক্ষ দেখিয়েছে জর্জিয়াকে।  গোলের ব্যবধান বাড়লেও বলার কিছু থাকত না। তবে জর্জিয়ার গোলরক্ষক মাহমর্দাশিলি যেন সবাইকে ছাপিয়ে যান। ভ্যালেন্সিয়ার হয়ে লা লিগায় খেলা গোলরক্ষককে অবিশ্বাস্য কিছু সেভ করতে দেখা যায়। গ্রুপের অন্য ম্যাচে  তুরস্ক চেকিয়াকে হারিয়ে দেওয়ায় তৃতীয় স্থান এই সন্তুষ্ট থাকতে হয় এবারের ইউরোতে বিপ্লব ঘটানো  লাল জার্সিতে মাঠে ফুল ফোটানো জর্জিয়ান বাহিনীকে। তবে ফুটবল বিশ্বের বাঘ পর্তুগালকে হারালেও এবার শেষ ষোলোয় নকআউট পর্বে তাদের মুখোমুখি হতে হবে  সিংহের। স্পেনের মুখোমুখি হতে হচ্ছে জর্জিয়াকে। সুর ও সুরার দেশ জর্জিয়া এবার স্পেনকে কতটা বেগ দেয় সেটাই দেখার ।।

About Post Author