স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ জুনঃ গতবার তীরে এসে তরি ডুবেছিল। মাত্র দুই পয়েন্টের ব্যবধানে কলকাতা লিগ হাতছাড়া করেছিল ইস্টবেঙ্গল । সেই আক্ষেপ এখনও মেটেনি কোচ থেকে ফুটবলারদের। এবার কলকাতা লিগ জিততে মরিয়া ৩৯ বারের বিজয়ীরা। রবিবার লিগ অভিযান শুরু করছে লাল-হলুদ ব্রিগেড। ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ টালিগঞ্জ অগ্রগামী। শনিবার সেই ম্যাচের শেষ প্রস্তুতি সারলেন বিনো জর্জের ছেলেরা। দলের অনুশীলনে দেখা গেল ইস্টবেঙ্গলে খেলে যাওয়া দুই ফুটবলারকে। কলকাতা লিগে সাধারণত রিজার্ভ দলকে খেলায় কলকাতার প্রধান দলগুলি। সেই দলে তাদের দেখা যাবে কিনা তাই নিয়ে শুরু হয়েছে গুঞ্জন।

কলকাতা লিগের নিয়ম অনুযায়ী মোট ২৬ টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে তিনটি করে দল সুযোগ পাবে সুপার সিক্সে। চলতি কলকাতা লিগে বি গ্রুপে রয়েছে ইস্টবেঙ্গল। এই গ্রুপে ইস্টবেঙ্গল ছাড়াও রয়েছে মোহনবাগান, ভবানীপুর, রেনবো, কালিঘাটের মত শক্তিশালী দল। ফলে এবারেও কড়া প্রতিদ্বন্দ্বীতার মধ্যে পড়তে হবে মশাল ব্রিগেডকে। তাই দলের শক্তি আরও বাড়িয়ে নিতে চাইছে ইস্টবেঙ্গল। শনিবার রিজার্ভ দলের অনুশীলনে দেখা গিয়েছে হীরা মণ্ডল ও সার্থক গোলুইকে। দুজনেই একটা সময় ইস্টবেঙ্গলে খেলে গিয়েছেন। হীরা ফুটবল জীবন শুরু করেছিলেন লালহলুদে খেলেই। সার্থক শুরুটা মোহনবাগানে করলেও পরে যোগ দেন ইস্টবেঙ্গলে। যদিও দীর্ঘদিন লালহলুদ জার্সিতে তারা খেলেননি। কলকাতার প্রধান ক্লাব ছেড়ে বেঙ্গালুরুতে যান হীরা। সার্থক লোনে যান চেন্নাইয়ে। এবছর ফের পুরনো ক্লাবে ফিরে এলেন দুজনে। যদিও টালিগঞ্জ ম্যাচের জন্য তাদের রেজিস্ট্রেশন করায়নি দল। ফলে রবিবারের ম্যাচে তাদের মাঠে নামার সম্ভাবনা নেই।
আরও পড়ুনঃ Copa America 2024 : কোপায় ফিরল সাম্বা ম্যাজিক, প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারাল ব্রাজিল
ইস্টবেঙ্গল রিজার্ভ দলের কোচ বিনো জর্জ জানিয়েছেন, ‘ দলে অভিজ্ঞতাসম্পন্ন ফুটবলারের প্রয়োজন রয়েছে। সেই কারণেই দুজনকে অনুশীলনে ডাকা হয়েছে। লিগের পরবর্তী ম্যাচের আগে তাদের রেজিস্ট্রেশন করানো হবে। হীরা দলে যোগ দিয়েছে শনিবার। সার্থক গত তিনদিন ধরে অনুশীলন করছেন। তারুণ্যের সঙ্গে অভিজ্ঞতার প্রয়োজন দলে। এই কারণেই ওদের দলে নেওয়া।’


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট