Home » Copa America 2024 : চোটের জন্য মেসি ছিলেন না, জোড়া গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মার্টিনেজ

Copa America 2024 : চোটের জন্য মেসি ছিলেন না, জোড়া গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ জুন: চলতি কোপা আমেরিকায় আর্জেন্টিনার বিজয় রথ ছুটছে। গ্রুপের শেষ ম্যাচেও সহজ জয় পেল লিওনেল স্কালোনির ছেলেরা। ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে তারা ২-০ গোলে হারিয়ে দিল পেরুকে। এদিন অবশ্য চোটের কারণে খেলতে পারেননি লিওনেল মেসি। তাঁর অনুপস্থিতিতে জোড়া গোল করে আর্জেন্টিনাকে জেতালেন লাউতারো মার্টিনেজ।

রবিবার ৪-৩-৩ ছকে দল সাজিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী কোচ। দল ইতিমধ্যে কোপার কোয়ার্টারে পৌঁছে যাওয়ায় দলে একাধিক পরিবর্তন করেন স্কালোনি। মেসি না থাকায় আক্রমণে শুরু করেন দি মারিয়া, মার্টিনেজ ও আলেহান্দ্রো গার্নাচো। মাঝমাঠে ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ এবং রদ্রিগো ডি পলকে বিশ্রাম দেওয়া হয়। ফার্নান্দেজ পরিবর্ত হিসেবে নামলেও বাকি দুজনকে নামানো হয়নি। রক্ষণেও কুটি রোমারো, লিসান্দ্র মার্টিনেজদের প্রথম একাদশে রাখেননি কোচ স্কালোনি। কোয়ার্টার ফাইনালের আগে দলের রিজার্ভ বেঞ্চের শক্তিকে পরখ করে নিলেন তিনি।

আরও পড়ুন: Optical Illusions : আপনার দৃষ্টিশক্তি কি পেশাদার গোয়েন্দাদের মত, তা হলে ৩০ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে দেখান

প্রায় দ্বিতীয় দল নামালেও গতবারের কোপা জয়ীদের বিরুদ্ধে পাল্লা দিতে পারল না পেরু। তাদের গোলরক্ষক পেড্রো গ্যালিস দুই অর্ধে কয়েকবার দলের অবধারিত পতন রুখে দিলেন। না হলে আরও লজ্জার মুখে পড়তে হত। ম্যাচে ২২ মিনিটে দি মারিয়ার পাস ধরে গোলমুখী শট করেছিলেন লাউতারো মার্টিনেজ। সেই শট রুখে দেন পেরু গোলরক্ষক। ৪৪ মিনিটে সেলসোর শট বাঁচিয়ে দলকে খেলায় টিকিয়ে রেখেছিলেন গ্যালিস। বিরতির সময় যে খেলার ফল গোলশূন্য ছিল তার সম্পূর্ণ কৃতিত্বের দাবি তিনি করতেই পারেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে গোলের খাতা খোলে আর্জেন্টিনা। দি মারিয়ার বাড়ানো পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন লাউতারো মার্টিনেজ। গ্রুপ পর্বের প্রথম দুটি ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি। এই ম্যাচেও গোল করলেন ইন্টার তারকা। ৭০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুবর্ণ সুযোগ পেয়ে যায় আর্জেন্টিনা। পেরুর এক ফুটবলার নিজেদের বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টি দেন রেফারি। কিন্তু জালে বল জড়াতে পারেননি পেরেডেস। ম্যাচের ৮৬ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করে জয় নিশ্চিত করেন মার্টিনেজ। এই গোল নিয়ে এবারের প্রতিযোগিতায় মোট চারটি গোল করে ফেললেন তিনি। পেরুকে হারিয়ে অপরাজিত থেকে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল স্কালোনি ব্রিগেড।

About Post Author